তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে শুল্ক দফতরের সঙ্গে সহযোগিতা করতে হবে, কিন্তু এখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, বৃহস্পতিবার জানাল কলকাতা হাইকোর্ট।
আগামী ৮ ই এপ্রিল রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠায় শুল্ক দফতর। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদের স্ত্রী। গত মাসের মাঝামাঝি রুজিরা বন্দ্যোপাধ্যায় রাতে ব্যাঙ্কক থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে তাঁর ব্যাগ পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার বেশ কিছুদিন বাদে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে হেনস্থা করেছেন শুল্ক দফতরের অফিসাররা। শুধু তাই নয়, শুল্ক দফতরের অফিসাররা তাঁর স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন বলেও অভিযোগ করেন অভিষেক। পাশপাশি শুল্ক দফতরের বক্তব্য, রুজিরা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে সহযোগিতা করেননি। শুধু তাই নয়, তাঁর ব্যাগ পরীক্ষা করতে দেওয়া হয়নি এবং রাজ্য পুলিশ তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর ২৬ শে মার্চ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় শুল্ক দফতর। ৮ ই এপ্রিল অভিষেকের স্ত্রীকে হাজিরা দিতে বলা হয় শুল্ক দফতরে। রুজিরা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করলে এদিন হাইকোর্ট জানায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে শুল্ক দফতরের সঙ্গে সহযোগিতা করতে হবে। তবে শুল্ক দফতরও তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না।
আরও পড়ুন: বৈঠক ফলপ্রসূস হয়েছে, রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী