সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রাজীব কুমার। রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
সারদা মামলায় রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে আদালত যে রক্ষাকবচ দিয়েছিল, গত ১৭ই মে তা তুলে নেওয়া হয়। রাজীব কুমারকে ৭ দিনের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার সময়সীমা বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। মঙ্গলবার আদালতে রাজীব কুমারের আইনজীবী বলেন, কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনের জন্য তাঁরা চেষ্টা করছেন, কিন্তু কয়েকদিন ধরে কলকাতায় আইনজীবীদের কর্মবিরতি চলায় সেই সুযোগ তাঁরা পাচ্ছেন না। তাই রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন রাজীব কুমার। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে দিয়ে জানায়, বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিনের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, তাই একমাত্র সেই বেঞ্চেই এই আবেদনের শুনানি হতে পারে। এরপরেই ওই পূর্ব নির্দিষ্ট সময়ের মধ্যে রাজীব কুমারকে জামিনের আবেদন করতে বলে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: বন্দরের পর কি এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল? ঝাঁসির রানির নামে রাখার দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সারদা চিট ফান্ড মামলায় তথ্য বিকৃতির অভিযোগ আনে সিবিআই। দীর্ঘ আড়াই মাস ধরে আদালতে চলছে সওয়াল-জবাব প্রক্রিয়া। শীর্ষ আদালতের নির্দেশে শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরেও রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ করে সিবিআই। রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করতে চেয়ে আদালতে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রেক্ষিতে গত ১৭ ই মে রাজীব কুমারকে দেওয়া রক্ষাকবচ তুলে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এক সপ্তাহের মধ্যে রাজীব কুমার আগাম জামিনের আবেদন করতে পারবেন।




