Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

LPG Fraud Alert: ‘ভর্তুকি ব্লক হয়ে যাবে’ মেসেজ এলেই সাবধান, সতর্কবার্তা Indane-HP-Bharat Gas-এর

ভর্তুকি বন্ধ হওয়ার ভুয়ো মেসেজ, নকল বুকিং লিঙ্ক আর ক্ষতিকর APK-র মাধ্যমে LPG গ্রাহকদের নিশানা করছে সাইবার প্রতারকরা। জরুরি সতর্কবার্তা জারি করল তিন গ্যাস সংস্থা।

LPG Fraud Alert: ‘ভর্তুকি ব্লক হয়ে যাবে’ মেসেজ এলেই সাবধান, সতর্কবার্তা Indane-HP-Bharat Gas-এর
ভুয়ো মেসেজ ও নকল লিঙ্কের মাধ্যমে LPG গ্রাহকদের নিশানা প্রতারকদের। প্রতীকী ছবি।

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ভুয়ো মেসেজ আর নকল লিঙ্কের ফাঁদ পেতে LPG গ্রাহকদের নিশানা করছে সাইবার প্রতারকরা। ‘আপনার LPG ভর্তুকি ব্লক হয়ে যাবে’, এমন আতঙ্ক ছড়ানো বার্তা পাঠিয়ে গ্রাহকদের দিয়ে ভুয়ো লিঙ্কে ক্লিক করানো হচ্ছে, যার পরিণতিতে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই প্রতারণা রুখতে দেশের তিন রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা ইন্ডেন (Indane), এইচপি গ্যাস (HP Gas) এবং ভারত গ্যাস (Bharat Gas) জরুরি সতর্কবার্তা জারি করেছে।

কীভাবে পাতা হচ্ছে ফাঁদ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই প্রতারণা নিছক সাধারণ ফিশিং নয়, বরং সংগঠিত সাইবার অপরাধ। প্রতারকরা পরিচিত গ্যাস সংস্থার নাম ও লোগো ব্যবহার করে এসএমএস বা হোয়াটসঅ্যাপে ভুয়ো বুকিং লিঙ্ক পাঠাচ্ছে, যা দেখতে হুবহু আসল বার্তার মতো।

সাইবার গবেষণা সংস্থা ট্রেসএক্স ল্যাবস (TraceX Labs)-এর সতর্কবার্তা অনুযায়ী, অনেক ক্ষেত্রে গ্যাস বুকিং বা সাপোর্ট অ্যাপের ছদ্মবেশে ক্ষতিকর APK ফাইল ইনস্টল করানো হচ্ছে। এই অ্যাপ একবার ফোনে ঢুকলে তা গ্রাহকের এসএমএস, ওটিপি এমনকী ব্যাঙ্কিং ও ইউপিআই অ্যাপের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে তুলে দেয়। ফলে গ্রাহকের অজান্তেই অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: আমজনতার মুখে হাসি, ধনতেরাসের আগে কমলো সোনার দাম

কী বলছে গ্যাস সংস্থাগুলি

প্রতারণা ঠেকাতে গ্রাহকদের জন্য কয়েকটি স্পষ্ট নির্দেশিকা দিয়েছে তিন সংস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল ডেলিভারি অথেন্টিকেশন কোড বা DAC সংক্রান্ত সতর্কতা। সিলিন্ডার ডেলিভারির সময় যে কোড দরকার হয়, তা শুধুমাত্র ডেলিভারি কর্মী সশরীরে সিলিন্ডার নিয়ে দরজায় হাজির হলে তবেই দিতে হবে।

সংস্থাগুলির বক্তব্য, কোনও কর্মীই ফোন কল, হোয়াটসঅ্যাপ বা কোনও থার্ড-পার্টি লিঙ্কের মাধ্যমে আগে থেকে ওটিপি বা DAC কোড চাইবেন না। এ ধরনের অনুরোধ এলে তা সরাসরি প্রতারণা বলে ধরে নেওয়াই নিরাপদ।

প্রেরকের আইডি যাচাই জরুরি

সংস্থার তরফে জানানো হয়েছে, অফিসিয়াল বার্তা সাধারণত যাচাই করা সেন্ডার আইডি থেকে আসে, যেমন ‘VM-HPGAS’, ‘VK-INDANE’ বা ‘AD-BPCL’। কোনও ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে আসা ভর্তুকি বা বুকিং সংক্রান্ত মেসেজকে সন্দেহজনক হিসেবেই দেখা উচিত।

আরও পড়ুন: বছরে ৩৪২ টাকার বদলে ৪ লক্ষ টাকা! জানুন প্রধানমন্ত্রীর অভিনব দুই যোজনা সম্পর্কে

কী করবেন, কী করবেন না

অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, কোনও অজানা উৎস থেকে গ্যাস বুকিং অ্যাপ বা APK ফাইল ডাউনলোড করবেন না। ভর্তুকি বা কেওয়াইসি সংক্রান্ত আতঙ্কজনক মেসেজ পেলে তাড়াহুড়ো না করে নিজের গ্যাস ডিস্ট্রিবিউটর বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করুন।

কেন্দ্রীয় সরকার আগেই স্পষ্ট করে দিয়েছে, দেশে LPG-র কোনও ঘাটতি নেই। তাই ‘দ্রুত বুকিং’ বা ‘কানেকশন ভেরিফিকেশন’-এর নামে কোনও তাড়না দেখলে সতর্ক হোন। প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ ফোন করুন অথবা cybercrime.gov.in পোর্টালে অভিযোগ জানান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance