ভবানীপুরের ভোটে মঙ্গলবার বিকেল থেকেই টানা প্রচারে নামার কথা ছিল মমতা ব্যানার্জির। কিন্তু তৃণমূল সূত্রের খবর এদিন বিকেল থেকে প্রচারে নামছেন না ভবানীপুরের তৃণমূল প্রার্থী। খারাপ আবহাওয়ার জন্য মঙ্গলবার প্রচারে দেখা যাবে না মমতা ব্যানার্জিকে। এদিন একবালপুরের ইব্রাহিম রোডে মমতার সভা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: চলতি বছরের মধ্যেই ধূপগুড়ি আলাদা মহকুমা হবে; ভোট প্রচারে গিয়ে ঘোষণা অভিষেকের
জানা গেছে, মমতা ব্যানার্জির বাতিল হওয়া সভাটি বুধবার একই জায়গায় একই সময়ে হবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার তৃণমূল প্রার্থীর নির্বাচনী সভা করার কথা ছিল চেতলায়। সেইমত বুধবার তিনি এই সভা শেষ করেই যাবেন চেতলার নির্বাচনী সভায়।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টার বৃষ্টিতে শহরের সব পাম্প চালিয়েও অনেক জায়গার জল নামানো যায়নি৷ একবালপুর, মোমিনপুর, খিদিরপুরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জল বের করা যায়নি। সেইকারণেই বাতিল করা হয় মমতার নির্বাচনী সভা।
মন্ত্রী ফিরহাদ হাকিম সহ স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতৃত্ব দফায় দফায় এলাকা পরিদর্শন করেন। দলনেত্রীকেও পরিস্থিতি সম্পর্কে জানান ফিরহাদ৷ এরপরই পরিস্থিতি বিবেচনা করেই শেষ মূহুর্তে সভা বাতিল করা হয়।




