Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
11 June 2026

গত দু’বছরে জাতীয় দলগুলির প্রাপ্ত ৯৮৫ কোটি টাকা কর্পোরেট অনুদানের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৯১৫ কোটির বেশি!

বিজেপি, কংগ্রেস বাদে ৪ টি জাতীয় দল কর্পোরেট অনুদান পেয়েছে মাত্র ১৪ কোটি টাকা

গত দু’বছরে জাতীয় দলগুলির প্রাপ্ত ৯৮৫ কোটি টাকা কর্পোরেট অনুদানের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৯১৫ কোটির বেশি!

লোকসভা ভোটের প্রচারে রেকর্ড পরিমাণ টাকা খরচ করায় বারবার বিরোধীদের অভিযোগের মুখে পড়েছে বিজেপি। আর দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশের পর সিপিএমের প্রতিক্রিয়া ছিল, এই বাজেট কর্পোরেট ও বিদেশি সংস্থাকে বিজেপির ‘পেব্যাক গিফট’। এই প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, ২০১৬-১৭ ও ২০১৭-১৮, এই দুই আর্থিক বছরে জাতীয় রাজনৈতিক দলগুলিকে ৯৮৫.১৮ কোটি টাকা অনুদান দিয়েছে কর্পোরেট ও বিজনেস হাউসগুলি। এর মধ্যে বিজেপির একার প্রাপ্ত অনুদান ৯১৫.৫৯৬ কোটি টাকা, যা মোট মোট কর্পোরেট অনুদানের প্রায় ৯৩ শতাংশ। এবং বিজেপির কর্পোরেট ডোনারের সংখ্যা ১ হাজার ৭৩১।
এই দুই বছরে কর্পোরেট অনুদান বাবদ কংগ্রেসের প্রাপ্ত টাকার পরিমাণ ৫৫ কোটির সামান্য বেশি। অর্থাৎ, বিজেপি এবং কংগ্রেসকে বাদ দিয়ে ৪ টি জাতীয় রাজনৈতিক দল সব মিলিয়ে ১৪ কোটি টাকার মতো কর্পোরেট অনুদান পেয়েছে।
দেশের জাতীয় রাজনৈতিক দলগুলি গত দুটি আর্থিক বছরে কত টাকা অনুদান পেয়েছে তার ওপর ভিত্তি করে ৯ ই জুলাই একটি রিপোর্ট প্রকাশ করেছে এডিআর। এই রিপোর্টে প্রকাশ, জাতীয় রাজনৈতিক দলগুলি তাদের মোট আয়ের ৯৩ শতাংশই পেয়েছে কর্পোরেট ও বিজনেস হাউসের অনুদান থেকে। আর বিজেপির মোট আয়ের ৯৪ শতাংশই এসেছে কর্পোরেট ও বিজনেস হাউস থেকে। তাদের প্রাপ্ত অনুদান ৯১৫.৫৯৬ কোটি টাকা। জানা গিয়েছে, ইলেক্টোরাল ট্রাস্ট ও আবাসন শিল্প সংস্থা থেকেই সিংহভাগ অনুদান পেয়েছে বিজেপি। এছাড়া, মাইনিং, বিভিন্ন আমদানি ও রফতানি সংস্থা, কারখানা, প্রায় ১৫ টি সেক্টর থেকে সবচেয়ে বেশি আর্থিক অনুদান গিয়েছে বিজেপির ঘরে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০ হাজার টাকার বেশি আর্থিক অনুদান পেলে সংশ্লিষ্ট দাতা বা সংস্থার নাম জানাতে হবে। এই নির্দেশ মেনে বিজেপি, কংগ্রেস, ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), সিপিআই, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তাদের কর্পোরেট ও বিজনেস হাউসগুলি থেকে পাওয়া অনুদানের তথ্য জমা করেছে। অন্যদিকে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) জাতীয় দল হলেও জানিয়েছে, তারা ২০ হাজারের বেশি আর্থিক অনুদান কোনও ব্যক্তি বা সংস্থার কাছ থেকে পায়নি।
৭ টি জাতীয় দলের মধ্যে বিএসপিকে বাদ দিয়ে ৬ টি দলের কর্পোরেট ও বিজনেস হাউস থেকে পাওয়া অনুদানের তথ্য বিশ্লেষণ করেছে এডিআর। প্রাপ্ত অনুদানের নিরিখে এক নম্বরে রয়েছে বিজেপি, তাদের পরেই রয়েছে কংগ্রেস। কর্পোরেট ও বিজনেস হাউস থেকে কংগ্রেসের প্রাপ্ত অনুদানের পরিমাণ ৫৫.৩৬ কোটি টাকা। তাদের মোট আয়ের ৯২ শতাংশ কংগ্রেস পেয়েছে কর্পোরেট ও বিজনেস হাউস থেকে।
এডিআরের রিপোর্ট অনুযায়ী, ২০০৪-০৫ আর্থিক বছরের সঙ্গে তুলনা করলে ২০১৭-১৮ আর্থিক বছরে কর্পোরেট হাউসের অনুদান প্রায় ১৬০ শতাংশ বেড়েছে। যেখানে ২০০৪-০৫ থেকে ২০১১-১২ আর্থিক বছরে জাতীয় দলগুলি কর্পোরেট হাউস থেকে মোট ৩৭৮ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান পেয়েছিল, ২০১৬ থেকে ২০১৮ আর্থিক বছরে এই অনুদান বেড়ে হয়েছে ৯৮৫ কোটি ১৮ লক্ষ টাকা!

আরও পড়ুন: CJI এর আপত্তি, CBI প্রধানের রেসে সরকারের ২ প্রার্থীই বাতিল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation