তৃণমূলের নেতারা কলকাতার উদ্দেশে রওনা দিলে, পথে বাস-ট্রেন আটকে নেতাদের নামিয়ে এনে কাটমানির টাকা ফেরত চাইতে হবে। টাকা ফেরত দিলে তারপর কলকাতা যেতে দেওয়া হবে। বাঁকুড়ার সভায় হুমকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শনিবার রাতে দিলীপ ঘোষের এই হুমকির পরেই তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তেজনার পারদ আরও চড়িয়ে এ বার দিলীপবাবুর চ্যালেঞ্জ, এফআইআর যখন করেছে তখন তো আটকাতেই হবে। শুধু বাস নয়, সরকারটাকেই আটকে দেব। এদিকে দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, কোনও গোলমাল হলে তার দায় নিতে হবে দিলীপ ঘোষকে। সন্ত্রাস করার চেষ্টা করলে জেলে যেতে হবে দিলীপ ঘোষদের, মন্তব্য তাঁর।
এদিকে রবিবার সকালে ধর্মতলায় সমাবেশে যোগ দিতে আসার পথে হুগলিতে তৃণমূল কর্মী সমর্থক বোঝাই বাস আটকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাস লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ তৃণমূলের। বিজেপি সন্ত্রাসের পথ থেকে না সরলে রাজ্যে আগুন জ্বলবে হুঁশিয়ারি তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন: ভোর ভোর পৌঁছে যাওয়া যাবে দীঘা, রাতে থাকছে বিশেষ ট্রেন! জানুন বিস্তারিত




