সোমবারের পর বৃহস্পতিবার। কালবৈশাখীর দেখা মিলল কলকাতায়। আর যার জেরে শহরে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমল। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ ঘন্টায় ৬৮ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায় কলকাতায়। যার স্থায়িত্ব ছিল এক মিনিটের কিছু বেশি। এই হঠাৎ ঝড়-বৃষ্টিতে রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কমে যায়। এদিকে সপ্তাহের বাকি দিনেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা বেশি। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভবনার কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অদ্রতার পরিমাণ বেশি থাকায় কিছুটা ভ্যাপসা গরমের অস্বস্তি জারি থাকবে।
আরও পড়ুন: তদন্তে অসহযোগিতার অভিযোগ, মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ED




