Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

আর্জেন্টিনার ভক্তদের জন্য বড় খবর, আগামী মাসেই কলকাতায় আসছেন মার্তিনেজ! 

আর্জেন্টিনার ভক্তদের জন্য বড় খবর, আগামী মাসেই কলকাতায় আসছেন মার্তিনেজ! 

২০২২ বিশ্বকাপ যতটাই লিও মেসির, ঠিক ততটাই যেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর তিনি। সে কোয়ার্টার ফাইনালে হোক বা সেমি ফাইনাল এবং সর্বপরি ফাইনাল। নিশ্চিত গোল রক্ষা থেকে শুরু করে পেনাল্টি বাঁচানো। মার্তিনেজ যেন কার্যত একা ‘হাতেই’ মেসিদের জন্য কাপ ছিনিয়ে এনেছেন। বিশ্বকাপের পর থেকে দুনিয়ার আর্জেন্টিনা ভক্তদের কাছে তিনি এখন নায়ক। মার্তিনেজের ভক্ত কলকাতার আর্জেন্টিনা ভক্তরাও।  এবার তাঁদের জন্যই রয়েছে বড় খবর। তিলোত্তমায় পা পড়তে চলেছে মার্তিনেজের। 

ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন, জুন মাসের তৃতীয় সপ্তাহ কিংবা জুলাই মাসের শুরুতেই কলকাতায় আসবেন মার্তিনেজ।  জানা গিয়েছে, হুগলির রিষড়ার একটি ক্লাবের অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসবেন তিনি। এছাড়াও শহরেও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে বাকি তারকা ফুটবলাদের মতো কোনও ফ্রেন্ডলি ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে না। ক্রীড়া উদ্যোগপতি আরও জানিয়েছেন, মার্তিনেজের  কলকাতায় আসা নিয়ে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাঁর কলকাতায় পা রাখা এখন শুধু সময়ের অপেক্ষা। 

এদিকে মার্তিনেজের আসার খবরের সঙ্গে সঙ্গে আরও একটি জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে মার্তিনেজ মোহনবাগান ক্লাবেও যেতে পারেন। যদিও এ নিয়ে শতদ্রু দত্ত কিছু জানাননি। তাঁর কথায়, বাগান কর্তৃপক্ষ এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তখন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে। তবে মার্তিনেজের কলকাতা সফর যে এদেশের আর্জেন্টিনা ভক্তদের জন্য একটি বিরাট খুশির খবর, তা নিঃসন্দেহে বলা যায়।      

আরও পড়ুন: ২ ফরাসি ‘বনাম’ ১ আর্জেন্টাইন; ঘোষণার ১ দিন আগে ফিফার বর্ষসেরা নিয়ে সরগরম ফুটবল মহল 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports