দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল অনুরাগী মহলে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে 3 Idiots Sequel নিয়ে বড়সড় তথ্য প্রকাশ্যে আনলেন খোদ পরিচালক রাজকুমার হিরানি।
কলেজ জীবন অতীত, এবার মধ্যজীবনের সংকট
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানিয়েছেন, তাঁর সহকারী লেখক অভিজাত জোশির সঙ্গে তিনি ছবির চিত্রনাট্য নিয়ে জোরকদমে কাজ করছেন। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই খ্যাতনামা পরিচালক জানান, ছবির গল্পে দেখানো হবে ১৫ থেকে ২০ বছর পর মূল চরিত্রগুলোর জীবন ঠিক কেমন হয়েছে। এবার গল্প আর কলেজ জীবনকে ঘিরে আবর্তিত হবে না।
র্যাঞ্চো, ফারহান ও রাজু এখন বিবাহিত এবং তাদের সন্তানও রয়েছে। তারা প্রত্যেকেই এখন মধ্যজীবনের সংকটের (মিডলাইফ ক্রাইসিস) মধ্যে দিয়ে যাচ্ছে। এমন এক জটিল পরিস্থিতিতে তাদের জীবন কোন দিকে মোড় নেবে, সেটিই হবে নতুন ছবির মূল উপজীব্য।
থাকছে বড় সামাজিক বার্তা
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ শুধু একটি বিনোদনমূলক সিনেমা ছিল না, বরং এটি দর্শকদের জীবনকে এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার বার্তা দিয়েছিল। দ্বিতীয় কিস্তিতেও সেই ধারা বজায় থাকবে বলে স্পষ্ট করে দিয়েছেন রাজকুমার হিরানি। তাঁর কথায়, ‘গল্পটি বেশ আলাদা এবং মজার হবে। এতে প্রথম ছবির মতোই হাস্যরস থাকবে, তবে এবার বার্তাটি আরও বড় হবে।’ তিনি আরও জানান, ছবির চিত্রনাট্যকে পুরোপুরি শক্তিশালী করে তুলতে আরও কিছুটা সময় লাগবে।
ফিরছেন পুরোনো ত্রয়ী
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে আমির খান নিজেও ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে মুখ খুলেছিলেন। ‘অমর উজালা’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছবির গল্পটি দারুণ এবং একেবারেই নতুন।
২০০৯ সালের মূল ছবিতে আমির খান, আর মাধবন এবং শরমন যোশির ত্রয়ী দর্শকদের মন জয় করে নিয়েছিল। পাশাপাশি কারিনা কাপুর, বোমান ইরানি থেকে শুরু করে ওমি বৈদ্য নিজেদের অভিনয়ের মাধ্যমে গভীর ছাপ ফেলেছিলেন। নতুন কিস্তিতে আমির খান, আর মাধবন ও শরমন যোশি আবার এক ফ্রেমে ধরা দেবেন। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এই নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারেন অভিনেতা ভিকি কৌশলও।




