দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং পরিযায়ী শ্রমিকদের ‘মসিহা’ সোনু সুদ সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসে সফর করার একটি অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। আধুনিক ভারতীয় রেলের পরিষেবা এবং পরিকাঠামো নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তবে এই সফরের সুবাদে নিজের স্ট্রাগলের পুরোনো দিনগুলি মনে পড়লেও আমজনতার রোষের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার কারণে সাধারণ মানুষের আসল ভোগান্তি তিনি বুঝতে পারছেন না বলে তোপ দেগেছেন নেটিজেনদের একাংশ।
X (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে সোনু সুদ জানান যে বন্দে ভারত এক্সপ্রেসের গতি, পরিষেবার গুণমান, খাবার এবং কর্মীদের ব্যবহার অসাধারণ। ভারতীয় রেলওয়ে যে বিগত কয়েক বছরে অভূতপূর্ব উন্নতি করেছে, সেই কথাও উল্লেখ করেন অভিনেতা। তবে এই ট্রেনের আরামদায়ক সফর সোনু সুদকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল কয়েক দশক পিছনের এক অতীতে। যখন তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে প্রথমবার মুম্বই পাড়ি দিয়েছিলেন।
নাগপুর থেকে মুম্বই সফরের সেই নস্টালজিয়া সোনু সুদ জানান, তিনি একসময় নাগপুরে পড়াশোনা করতেন। সেখান থেকেই অভিনেতা হওয়ার তাগিদে প্রথমবার মুম্বইয়ের ট্রেনে চেপেছিলেন। সেই সময়কার ট্রেনের পরিস্থিতি আজকের মতো ছিল না। সোনু সুদের কথায়, তখনকার দিনে ট্রেনে শোওয়ার জন্য বা বসার জন্য যাত্রীরা লম্বা কম্পিউটার পেপার মেঝের উপর পেতে নিতেন। সেই কাগজের ওপর শুয়েই রাত কেটে যেত।
আরও পড়ুন: কোথায় গেলো বেবি বাম্প? অবাক নেটিজনদের ফের চমক নেহা কাক্করের
আজ এত বছর পর যখন তিনি আবার বন্দে ভারতের মতো অত্যাধুনিক ট্রেনে সফর করছেন, তখন ভারতীয় রেলের এই ভোলবদল দেখে তিনি আপ্লুত। রেল মন্ত্রককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, কোটি কোটি সাধারণ ভারতীয়র প্রতিদিনের যাত্রা এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য ভারতীয় রেলওয়েকে ধন্যবাদ।
‘ভিআইপি ট্রিটমেন্ট ছাড়ুন’, সোনুকে নেটিজেনদের তোপ সোনু সুদের এই প্রশংসামূলক পোস্টের পরেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। একদল মানুষ ভারতীয় রেলের অগ্রগতির কথা স্বীকার করলেও একাংশ সাধারণ যাত্রী অভিনেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। ট্রেনের ভিআইপি কামরায় বসে সোনু আমজনতার আসল সমস্যা বুঝতে পারছেন না বলে দাবি করেন তারা।
একজন ব্যবহারকারী কমেন্ট সেকশনে লেখেন যে, স্যার ভিআইপি ট্রিটমেন্ট পেলে সব সুবিধাই সেরা মনে হয়। একবার ভিআইপি সুবিধা ছাড়া সাধারণ মানুষের মতো সফর করে দেখুন। অন্য একজন মন্তব্য করেন, কোন একদিন বিনা শীতাতপ নিয়ন্ত্রিত সাধারণ কামরায় (নন-এসি জেনারেল কেবিন) সফর করুন প্লিজ। তাহলে আসল পরিস্থিতিটা বুঝতে পারবেন। সাধারণ মানুষকে যে ট্রেনের লেট হওয়া বা টিকিট না পাওয়ার মতো চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেই দিকেও অভিনেতার দৃষ্টি আকর্ষণ করেন অনেকে।
আরও পড়ুন: জরুরি তলবঃ ফের অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদের সমন পাঠাল এনসিবি
পাশেও দাঁড়ালেন অনেকে বিতর্কের মাঝেই অবশ্য সোনু সুদের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু অনুরাগী। তাদের মতে, ভারতীয় রেলে এখনও অনেক খামতি থাকতে পারে, তবে বিগত ৫ বছরে বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত স্টেশন স্কিম, বৈদ্যুতীকরণ এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি হয়েছে, তা অস্বীকার করার কোনো জায়গা নেই।




