ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের নাম ভাঁড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
অভিযোগ, ২০১৮ সাল থেকে বিভিন্ন জায়গায় ফোন ও ই-মেলের মাধ্যমে যোগাযোগ করত বছর তেইশের গুলারাজ আহমেদ ও তার সঙ্গী বিশাল শর্মা। বিভিন্ন মানুষের ফোন নম্বর বা ই-মেল অ্যাকাউন্টে জোগাড় করে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের নাম নিয়ে যোগাযোগ করত ওই অভিযুক্তরা। ফোন করে বলা হত, ফ্লিপকার্টের পক্ষ থেকে লাকি প্রাইজ স্কিম আনা হয়েছে, অনলাইনের মাধ্যমে কিছু টাকা জমা দিলেই পাওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। অভিযোগ, এভাবে প্রচুর মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে। এই প্রেক্ষিতে চলতি বছরের মার্চে ফ্লিপকার্টের এক পদস্থ আধিকারিক অ্যান্ড্রু ডমনি অ্যান্টনি পলের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের তদন্তে উঠে আসে বেশ কিছু সন্দেহভাজনের নাম।
এর মধ্যে গুলারাজ আহমেদ ও বিশাল শর্মা নামে অভিযুক্ত দুই যুবককে শুক্রবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষ রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বয়স যথাক্রমে ২৩ ও ২৫ বছর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই দিন বিকেলেই মহম্মদ সাদিক নামে আরও এক অভিযুক্তকে পাকড়াও করা হয়। তাদের জেরা করে বাগুইআটি অঞ্চলের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু সন্দেহজনক নথি, কম্পিউটার, হার্ড ডিস্ক সহ বেশ কিছু জিনিসপত্র। এর পেছনে বড় কোনও জালিয়াতি চক্র জড়িত থাকতে পারে সন্দেহ করছে পুলিশ।
আরও পড়ুন: কেন শঙ্খের মতো দেখতে করা হল? ‘ধনধান্য’ উদ্বোধন করে যা জানালেন মুখ্যমন্ত্রী




