Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

পুজোর মরসুমে কলকাতার নয়া আকর্ষণ ৩৯ টাকায় গঙ্গাবক্ষে ক্রুজ, দেখুন ভিডিও ও ফটো গ্যালারি

থাকবে গঙ্গা আরতি দেখার সুযোগ

পুজোর মরসুমে কলকাতার নয়া আকর্ষণ ৩৯ টাকায় গঙ্গাবক্ষে ক্রুজ, দেখুন ভিডিও ও ফটো গ্যালারি

পুজো আসতে আর কয়েকটা দিন বাকি। এদিকে করোনা পরিস্থিতিতে দূরে কোথাও বেড়াতে যাওয়া যাচ্ছে না। তাই মন ভালো করার ঠিকানা নিয়ে হাজির হচ্ছে রাজ্য পরিবহণ নিগম (WBTC)। ১ অক্টোবর, শুক্রবার থেকে কলকাতায় চালু হচ্ছে হেরিটেজ ক্রুজ পরিষেবা।
যেখানে সুদৃশ্য লঞ্চে চড়ে গঙ্গার হাওয়া খেতে খেতে ঘুরে আসা যাবে কলকাতার ঐতিহাসিক ঘাটগুলো। খরচ? মাত্র ৩৯ টাকা।
৯০ মিনিটের এই লঞ্চযাত্রা শুরু ও শেষ হবে মিলিনিয়াম পার্ক জেটিতে। এই ভ্রমণ পথে থাকছে মা সারদার স্মৃতি বিজড়িত মায়ের ঘাট, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির সহ নিমতলা শ্মশান ঘাট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো মনীষীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এছাড়া থাকছে ঐতিহাসিক আর্মেনিয়াম ঘাট, বিবাদি বাগ স্টেশন, স্ট্র্যান্ড রোড ঘাট, চাঁদপাল ঘাটের মতো কলকাতার একাধিক হেরিটেজ স্থান।
শুধু চোখ মেলে দেখাই নয়, গঙ্গাবক্ষে ক্রুজ রাইডের সময় প্রতিটি ঘাটের ইতিহাস সম্পর্কে যাত্রীদের বর্ণনা করবেন, তাঁদের নানা জানা-অজানার সুলুকসন্ধান দেওয়ার জন্য থাকবেন ট্যুর গাইড। থাকবে গঙ্গা আরতি দেখার সুযোগ।

গঙ্গা ভ্রমণের জন্য বিশেষভাবে সাজানো থাকছে ক্যাফেটেরিয়া। যেখানে অল্প খরচে পাওয়া যাবে চা, কফি ও স্ন্যাক্স। যাত্রীদের মনোরঞ্জনের জন্য গোটা যাত্রাপথেই চলবে রবীন্দ্র সঙ্গীত। তাছাড়া টিকিটের মূল্যেই মিলবে পানীয় জল ও শৌচাগার ব্যবহারের সুযোগ।

আরও পড়ুন: করোনা আবহে বড় জমায়েতে রাশ আলিমুদ্দিনের, সোশ্যাল মিডিয়াকে বাড়তি গুরুত্ব

সপ্তাহের সাত দিনই এই ঐতিহাসিক ট্যুরের ব্যবস্থা রাখা হচ্ছে। সোম থেকে শুক্রবার দিনে দু’বার, বিকেল ৪টে এবং সন্ধে ৬টায় এই লঞ্চ যাত্রার ব্যবস্থা থাকবে। শনি ও রবিবার উইকএন্ডে অবশ্য চারবার, বেলা ১২টা, দুপুর ২টো, বিকেল ৪টে ও সন্ধে ৬টায় এই ভ্রমণের সুযোগ থাকছে।
টিকিট মিলবে মিলেনিয়াম পার্কের ঘাটেই। করোনা পরিস্থিতিতে স্যানিটাইজিংয়ের দিকে নজর রাখা হচ্ছে। সোশ্যাল ডিসট্যান্সিং-এ বজায় রেখে একসঙ্গে ১৫০ জন যাত্রী উঠতে পারবেন এই বিশেষ লঞ্চে।
তাই মাথার উপর শরতের আকাশ, গঙ্গার ফুরফুরে হাওয়া, সঙ্গীত মূর্ছনা আর হাতে এক কাপ কফি নিয়ে বেড়িয়ে আসতে চাইলে কেটে ফেলুন ক্রুজ রাইডের টিকিট। প্রাচীন কলকাতার জানা-অজানা কথা শুনতে শুনতে, হেরিটেজ গঙ্গা ঘাটগুলো ছুঁয়ে আসার অভিজ্ঞতা নেহাত যে মন্দ হবে না তা হলফ করে বলা যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal