Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

জনপ্রতিনিধি থেকে সরকারি কর্মচারির বিরুদ্ধে কাটমানির অভিযোগ এলেই এফআইআর, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, কড়া অবস্থান রাজ্যের

নবান্নের গ্রিভান্স সেলে জমা পড়ছে প্রচুর অভিযোগ

জনপ্রতিনিধি থেকে সরকারি কর্মচারির বিরুদ্ধে কাটমানির অভিযোগ এলেই এফআইআর, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, কড়া অবস্থান রাজ্যের

সম্প্রতি নজরুল মঞ্চে রাজ্যের কাউন্সিলারদের মিটিংয়ে কাটমানি ইস্যুতে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নদিয়া জেলার বৈঠকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, দুর্নীতি করলে ছাড় পাবেন না বিধায়ক, সাংসদরাও। দুর্নীতিগ্রস্তদের পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেওয়ার ঘোষণাও করেছিলেন তিনি। এবার সেই রাস্তায় হেঁটেই কাটমানি, দুর্নীতি ইস্যুতে সরকারিভাবে কড়া অবস্থান স্পষ্ট করল রাজ্য প্রশাসন।
এবার কাউন্সিলার, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদ পর্যন্ত কোনও জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে কাটমানি নেওয়া বা দুর্নীতির অভিযোগ এলেই ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ থানায় এলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলা হয়েছে পুলিশকে। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া, ঘুষ চাওয়া কিংবা যে কোনও দুর্নীতির অভিযোগ পুলিশের কাছে এলেই ৪০৯ ধারায় মামলা করার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধারায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ন্যূনতম শাস্তি ১০ বছরের জেল।
সোমবার নবান্নে রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ জানিয়েছেন, সমস্ত জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতি এবং সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে। এই ধরনের অভিযোগ এলেই প্রতারণার পাশাপাশি ৪০৯ ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে সর্বোচ্চ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দলের অন্দরে বার্তা দিয়েছেন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। পাশাপাশি, তৃণমূলের বক্তব্য, কিছু দুর্নীতিগ্রস্ত নিজেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁদেরও রেয়াত করা হবে না। ইতিমধ্যেই গ্রিভান্স সেল খোলা হয়েছে নবান্নে। দুর্নীতি, কাটমানির অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে টোল-ফ্রি নম্বর। জেলায় জেলায় একইভাবে গ্রিভান্স সেল চালু করা হচ্ছে। প্রতি সপ্তাহে একদিন করে জেলা শাসকরা সাধারণ মানুষের অভিযোগ শুনবেন বলে ঠিক হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই গ্রিভান্স সেলে প্রচুর অভিযোগ জমা পড়তে শুরু করেছে। প্রতিটি অভিযোগ আলাদা করে খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, যেখানেই অভিযোগের সত্যতা মিলবে সেখানেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: দুর্গাপূজার মুখে বাংলাদেশি থেকে রাজ‍্যে এল ইলিশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal