Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

‘আপনি এত নির্লজ্জ কেন, চেয়ার আঁকড়ে বসে আছেন’, বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

বনগাঁ পুরসভার আস্থা ভোট নিয়ে বিজেপি মামলা করেছিল আদালতে

‘আপনি এত নির্লজ্জ কেন, চেয়ার আঁকড়ে বসে আছেন’, বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নিয়ম মেনে হয়নি আস্থা ভোট, বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের। সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন শঙ্কর আঢ্য চেয়ার আঁকড়ে আছেন এই প্রশ্ন তুলে তাঁকে ‘নির্লজ্জ’ বলে ভর্ৎসনা করলেন বিচারপতি। সেই সঙ্গে ফের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে নির্দেশ দিলেন বিচারপতি চট্টোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত মঙ্গলবার ছিল বনগাঁ পুরসভার আস্থা ভোট। কিন্তু সেই ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে ৩ বিজেপি কাউন্সিলার পুরপ্রধান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তান এনেছিলেন, তাঁরা কেউই মঙ্গলবারের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেননি বলে অভিযোগ করে বিজেপি। তাঁরা ফের আদালতে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়েন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। তাঁকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু চেয়ার আঁকড়ে আছেন কেন? আপনি এত নির্লজ্জ কেন?’
মঙ্গলবার আস্থা ভোটের পর পুরসভা থেকে বেরিয়ে শঙ্কর আঢ্য জানিয়েছিলেন, পুরসভার ২২ কাউন্সিলারের মধ্যে ১১ জন তাঁর সঙ্গে আছেন। আর যে ৩ জন বিজেপি কাউন্সিলার অনাস্থা প্রস্তাব এনেছিলেন তাঁরা কেউ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছিলেন পুরপ্রধান। অন্যদিকে, একে ভোটের নামে প্রহসন বলে মন্তব্য করে গেরুয়া শিবির। বিজেপি কাউন্সিলাররা অভিযোগ করেন, পুরসভার একটি ঘরে তাঁদের দীর্ঘক্ষণ বন্দি করে রাখা হয়েছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি পুরসভার ভেতর। এই প্রসঙ্গে টেনে শুক্রবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, কীভাবে এটা সম্ভব হয়, যে কাউন্সিলাররা অনাস্থার প্রস্তাব আনলেন, তাঁরাই ভোটাভুটিতে উপস্থিত হলেন না! তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের আনা প্রস্তাব মানা হয়নি। কাউন্সিলারদের বন্দি করে চরম অন্যায় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বনগাঁ পুরসভার আস্থা ভোট নিয়ম মেনে হয়নি। সংখ্যাগরিষ্ঠের মত প্রতিফলিত হয়নি। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এর পরেই তাঁর নির্দেশ, বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে ফের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

আরও পড়ুন: প্রায় ৬৩টা প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্র; ধর্নার দ্বিতীয় দিনেও ফের সুর চড়ালেন মমতা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal