উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) হাইকোর্টে জানিয়েছে, এত অভিযোগ খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন, কমিশনের কথা শুনে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, সব অভিযোগ নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় দেওয়া হবে এসএসসিকে। তবে এই সময়ের মধ্যে কোনও নিয়োগ করা যাবেনা।
আরও পড়ুন: কোকেন কাণ্ডে চার্জশিটে রাকেশ সিংহের নাম, নেই পামেলা
উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু নানান অভিযোগ উঠতে থাকে। আদালতের দ্বারস্থ হন একাধিক আবেদনকারী। গত জুলাই মাসে কলকাতা হাইকোর্ট এসএসসিকে নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে সব অভিযোগ খতিয়ে দেখতে হবে। সেই মামলাতেই বুধবার এসএসসি আদালতে জানায়, আদালতের দেওয়া ৩ মাস সময়ের মধ্যে মাত্র সাড়ে ৬ হাজার অভিযোগ খতিয়ে দেখতে পারা গেছে। বাকি অভিযোগ খতিয়ে দেখার জন্য আরও ৩ মাস সময় চায় এসএসসি।




