ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব বিশ্ব বাজারে, বৃদ্ধি পেতে শুরু করেছে তেলের দাম, সমস্যায় পড়তে পারে ভারতও
ইরান ও ইজরায়েলের যুদ্ধে আমেরিকা যুক্ত হতেই টালমাটাল বিশ্ব বাজার। পশ্চিম এশিয়ায় অশান্তি বৃদ্ধি পেতেই অস্থির গোটা বিশ্বের বাজার। হু হু করে দাম বাড়ছে জ্বালানি তেলের। যার ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালানোর পর উত্তেজনা বেড়ে গিয়েছে পশ্চিম এশিয়ায়। মার্কিনি হামলায় বড়সড় কোনও ক্ষতি হয়নি এমনটা ইরান দাবি করলেও, ক্ষোভে ফুঁসছেন তারা। যার ফলে তড়িঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের পথে এগোচ্ছে তেহরান।
ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাস হয়েছে ইরানের পার্লামেন্টে। আর একধাপ পেরোলে, অর্থাৎ সুপ্রিম ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের সবুজ সঙ্কেতের পর বন্ধ করে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ করিডর। এই করিডোর দিয়েই প্রতিদিন অপরিশোধিত তেল রফতানি হয়। ভারতেও মূলত তেল আসে এই করিডোর দিয়ে।
সেই আতঙ্কেই অস্থির এশিয়া এমনকী ইউরোপের শেয়ার মার্কেট। একলাফে ২ শতাংশের বেশি দাম বেড়েছে জ্বালানি তেলেরও। আমেরিকায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৫.৯৮ ডলারে। ব্রেন্ট ব্যারেল প্রতি ৭৯.১২ ডলারে দাঁড়িয়েছে। রবিবারই এর দাম ব্যারেল প্রতি ৭৭ ডলারে ছিল। শেয়ার বাজারেও পতন দেখা দিচ্ছে।
Comments are closed.