জলপাইগুড়ি শহরে বেআইনি ডান্স বার বন্ধ করল পুলিশ। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চলে শহরের হোটেল গোল্ডেন ভ্যালিতে। বন্ধ করা দেওয়া হয় বেআইনি ডান্স বারটি। গ্রেফতার করা হয়েছে একাধিক মহিলা সহ অন্তত ৬০ জনকে।
আরও পড়ুন: ভবানীপুরে প্রার্থী দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা, ২৪ ঘন্টার মধ্যে মত বদল করে ঘোষণা অধীর চৌধুরীর
জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে সম্প্রতি তৈরি হওয়া হোটেল গোল্ডেন ভ্যালিতে রমরমিয়ে চলছে ডান্স বার। শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বেআইনি ডান্স বারটির বিরোধিতা করে আসছেন। শহরের সংস্কৃতি নষ্টের অভিযোগ করেছেন তাঁরা। ডান্স বারের আড়ালে সেখানে আরও একাধিক বেআইনি কারবার চলত বলেও অভিযোগ। এজন্য শুধু জলপাইগুড়ি নয়, পাশ্ববর্তী শিলিগুড়ি, নেপাল, ভুটান, বিহার, অসম এমনকী বাংলাদেশ থেকেও মহিলাদের আনাগোনা চলত বলে অভিযোগ জলপাইগুড়ির বাসিন্দাদের। এই মর্মে পুলিশে অভিযোগও জানানো হয়। তারপরই তৎপর হয় পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ পুলিশ সুপার অভিষেক মোদীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের আচমকা অভিযানে হতচকিত হয়ে পড়েন ডান্স বারে উপস্থিত লোকজন। পুলিশ বেআইনি ডান্স বারের কর্মীদের পাশাপাশি উপস্থিত দর্শকদেরও কোতয়ালি থানায় তুলে নিয়ে আসে। বন্ধ করে দেওয়া হয় হোটেল গোল্ডেন ভ্যালির বেআইনি ডান্স বারটি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কয়েকজন আইনজীবীও। বুধবার তাদের আদালতে পেশ করা হয়।




