Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

একজন সিনেমা করে, তাকেও ধমকাচ্ছে! সায়নীর গায়ে হাত দিয়ে দেখুক, টালিগঞ্জের পাশে দাঁড়ালেন মমতা

একজন সিনেমা করে, তাকেও ধমকাচ্ছে! সায়নীর গায়ে হাত দিয়ে দেখুক, টালিগঞ্জের পাশে দাঁড়ালেন মমতা

বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে অভিনেতা সায়নী ঘোষের বিতণ্ডায় এবার সায়নীর পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি। তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। বললেন, সায়নীর গায়ে একবার হাত দিয়ে দেখাক। 

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অভিনেতা সায়নী ঘোষ। তখনকার মতো সমস্যা মিটলেও তথাগত রায় সায়নীর একটি পুরনো ট্যুইট তুলে এনে অভিযোগ করেন এতে তাঁর ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে। রবীন্দ্র সরোবর থানায় সায়নীর নামে অভিযোগ দায়ের করেন তথাগত। এই নিয়ে তোলপাড় রাজ্য। এবার সেই ঘটনা নিয়ে নিজের মত জানালেন মমতা ব্যানার্জি। 

মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়া স্কুলের মাঠে আয়োজিত জনসভায় সায়নীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, একটা মেয়ে সিনেমা করে, তাকেও ধমকাচ্ছে। স্বাধীন ভাবে কথা বলার অধিকার নেই ওর? সায়নীকে ধমকাচ্ছে। এত বড়ো ক্ষমতা? উত্তরপ্রদেশে ধমকাও, বিহারে ধমকাও, বাংলায় ধমকাতে এলে মুখে লিউকো প্লাস্টার লাগিয়ে দেবে বাংলার মানুষ। তারপরই মমতা ব্যানার্জি বলেন, ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক। টলিউডের একজনের গায়ে হাত দিয়ে দেখাক, চ্যালেঞ্জের সুরে বলেন মমতা।

আরও পড়ুন: সিপিএমের প্রার্থী তালিকা চূড়ান্ত, কোন কেন্দ্রে কে প্রার্থী, দেখুন ভিডিও

মমতা নাম না করে তীব্র কটাক্ষ করেন তথাগত রায়কে। বলেন, বয়স হয়ে গেছে, ভীমরতি যায় না! নাতনির বয়সী মেয়ে তাঁকে রোজ হুমকি দিচ্ছে। কীসের জন্য, ওর স্বাধীন কথা বলার অধিকার নেই? প্রশ্ন তৃণমূল নেত্রীর। 

এদিন মমতা অভিযোগ করেন, সকাল ১০ টা নাগাদ ফাঁকা মঞ্চের ছবি তুলে নিয়ে বিজেপি প্রচার করছে মমতার সভায় লোক নেই। মমতা ব্যানার্জি বলেন, মিটিং রেখেছি দুপুর ১.৩০ টায় তাহলে সকাল ১০ টায় ছবি তুলে কী প্রমাণ হবে? সভা শুরু হওয়ার পর মমতা ব্যানার্জি বলেন, এবার এসে ছবি তুলে নিয়ে যান। দেখুন মানুষ আছে কি নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal