Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

‘জয় শ্রীরাম’ ইস্যুতে এবার ফেসবুক পোস্ট মমতার, তীব্র আক্রমণ বিজেপিকে

রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ঘৃণার পরিবেশ ছড়াতে চাইছে বিজেপি

‘জয় শ্রীরাম’ ইস্যুতে এবার ফেসবুক পোস্ট মমতার, তীব্র আক্রমণ বিজেপিকে

প্রথমে চন্দ্রকোণা, তারপর ভাটপাড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের পর থেকেই এই ইস্যুকে কেন্দ্র করে ক্রমে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এ রাজ্যে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়াও অপরাধ। যাঁরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছেন তাঁদেরকে গ্রেপ্তার করে থানায় ভরছে পুলিশ। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে তাদের কোনও আপত্তি নেই। তবে ‘জয় শ্রীরাম’ বলে বকলমে রাজ্যে হিংসার পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি, এই নিয়ে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে। গোটা বিষয়টি নিয়েই ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। যার প্রভাব পড়েছে দেশের রাজনীতিতেও।
এই অবস্থায় ‘জয় শ্রীরাম’ ইস্যু নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবার ফেসবুকে দীর্ঘ পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতা লিখেছেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে তাঁর কোন আপত্তি নেই। তবে মুখ্যমন্ত্রীর কথায়, ‘জয় শ্রীরাম’ একটি ধর্মীয় স্লোগান। তাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বিজেপি। মমতা লিখেছেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে। কিন্তু বিজেপি তা ব্যবহার না করে এই ধর্মীয় স্লোগান ব্যবহার করে রাজ্যজুড়ে ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ, এক শ্রেণির সংবাদ মাধ্যমকে ব্যবহার করে ভুয়া ভিডিও, ভুয়া খবর এবং মিথ্যা তথ্য প্রচার করে রাজ্যে হিংসা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। আঘাত হানতে চাইছে রামমোহন, বিদ্যাসাগরের সম্প্রীতির বাংলায়, যা কোনও দিনই বরদাস্ত করা হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তৃণমূলের যেমন স্লোগান রয়েছে জয় হিন্দ, বন্দে মাতারাম। তেমনই বামেদের ইনক্লাব জিন্দাবাদ স্লোগান আছে। এরকম প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান থাকে। কিন্তু ‘জয় শ্রীরাম’ কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। সেটি ধর্মীয় স্লোগান। এবং সেটির ব্যবহার করে রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। মমতা দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন এই চক্রান্ত এবং ঘৃণার পরিবেশ তৈরির পরিকল্পনাকে না বলতে। দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব সকলের বলে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন মমতা। এবং এভাবে ধর্ম ও রাজনীতি মিশিয়ে বাংলার সংস্কৃতি নষ্টের চেষ্টা করলে সরকার কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বেঙ্গালুরু পুলিশ চষে বেড়াচ্ছে বর্ধমানের জামালপুর, সাড়ে তিনমাস ধরে বেঙ্গালুরু জেলে বাংলার দম্পতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal