Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

মালদায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি

বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে কলকাতায় আকাশ মেঘলা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৫ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। এছাড়া শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বৃষ্টি থামছে না উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়া, কোচবিহার ও জলপাইগুড়িতে। ইতিমধ্যেই মহানন্দা ও ফুলাহার নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে মালদায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পাহাড়ের বহু জায়গায় ধস নেমেছে। প্রাণহানির খবর না মিললেও এলাকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। প্রশাসনের উদ্যোগে ওই এলাকাগুলি থেকে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন: অসমে বিজেপি প্রার্থীর গাড়িতে EVM! সাসপেন্ড ৪, পুনর্নির্বাচনের নির্দেশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal