দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বর্ষা আসতে দেরি হওয়ায় মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে চরম জলসঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া বা বাগানে জল দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল বৃহন্মুম্বই পুরসভা (BMC)।
তলানিতে জলের স্তর গত ১৬ জুনের পরিসংখ্যান অনুযায়ী, মুম্বই শহরে জল সরবরাহকারী সাতটি হ্রদে জলের পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ১০.৩৫ শতাংশে। এই উদ্বেগজনক পরিস্থিতির কারণেই সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে বিএমসি জানিয়েছে, পানীয় জলের অপচয় রুখতে এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশ অমান্য করলে বা জলের অপচয় করলে সাধারণ মানুষকে কড়া জরিমানার মুখে পড়তে হবে।
শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে কোপ জলসঙ্কটের জেরে শিল্প প্রতিষ্ঠান, স্পোর্টস ক্লাব এবং বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য দৈনন্দিন জল সরবরাহে ২০ শতাংশ কাটছাঁট করা হয়েছে। পাশাপাশি, শহরজুড়ে আগে থেকেই যে ১০ শতাংশ জল কাটার নিয়ম চালু ছিল, তা অব্যাহত থাকছে। বিএমসি স্পষ্টভাবে জানিয়েছে, আপাতত নির্মাণের কাজের জন্য নতুন করে কোনও জলের সংযোগ দেওয়া হবে না। এমনকী, নির্মাণের কাজে ব্যবহৃত অস্থায়ী সংযোগগুলোও অবিলম্বে বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অর্ণব গোস্বামীর সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট, ৩ সপ্তাহ রক্ষাকবচ বৃদ্ধি
সুইমিং পুল ও ভারী শিল্পে নতুন নিয়ম পুরসভার তরফে জানানো হয়েছে, পানীয় জলের অপচয় এড়াতে শহরের সমস্ত সুইমিং পুলে আপাতত জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এছাড়া রেল, নৌবাহিনী এবং অন্যান্য ভারী শিল্প সংস্থাগুলিকে দৈনন্দিন কাজের জন্য বাধ্যতামূলকভাবে পুনর্ব্যবহৃত বা শোধিত জল ব্যবহার করতে বলা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কড়া বিধিনিষেধ বজায় থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নাগরিকদের কাছে জলের সঠিক ব্যবহার সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে পুরসভা।




