Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

অরণ্য থেকে আদিবাসী উচ্ছেদঃ রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি রাহুলের

ইতিমধ্যেই এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বৃন্দা কারাট

অরণ্য থেকে আদিবাসী উচ্ছেদঃ রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি রাহুলের

রাজ্যে বাম কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে টানাপোড়েন চললেও জাতীয় ক্ষেত্রে সিপিএমের দেখানো পথেই কংগ্রেস। অরণ্য-উচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে এর আগে খোলা চিঠি দিয়েছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। এবার সেই পথে কংগ্রেসও। তবে মোদীকে নয় রাহুল চিঠি লিখলেন কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পাট্টার আবেদন খারিজ হওয়া আদিবাসী ও অন্যান্য অরণ্যবাসীদের উচ্ছেদের সুপ্রিম কোর্টের নির্দেশের পর মধ্য প্রদেশ ও ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী কমলনাথ ও ভূপেশ বাঘেলকে লেখা রাহুলের চিঠির নির্যাস, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপনাদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
গত ১৩ ফেব্রুয়ারি এই প্রেক্ষিতে বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৬টি রাজ্যকে নির্দেশ দিয়েছে, ২৪ জুলাইয়ের মধ্যে পাট্টার আবেদন খারিজ হওয়া পরিবারগুলিকে উৎখাত করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশের ফলে ১০ লক্ষের বেশি আদিবাসী ও অন্যান্য বনবাসী পরিবারের উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে বিশাল সংখ্যায় আদিবাসী ও অন্যান্য অরণ্যবাসীদের উচ্ছেদ রুখতে চিঠিতে দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পুনর্বিবেচনার আর্জি দায়েরের পরামর্শ দিয়েছেন রাহুল গাঁধী। পাশাপাশি অন্য কোনও উপায় বের করা যায় কিনা তাও ভেবে দেখার কথা বলেছেন কংগ্রেস সভাপতি।
আমাদের সংবিধান লক্ষ লক্ষ আদিবাসী ও অন্যান্য অরণ্যবাসীকে জল, জঙ্গল, জমির যে অখণ্ড অধিকার প্রদান করেছে, তাকে সুনিশ্চিত করতেই হবে, চিঠিতে লিখেছেন কংগ্রেস সভাপতি। দেশকে কতিপয় মানুষের হাতে কুক্ষিগত না রেখে ভারতকে সকলের জন্য গড়ে তোলার প্রতিশ্রুতির কথাও চিঠিতে রাহুল মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: কাশ্মীরে প্রবল তুষারপাতের প্রকোপে পড়ে সেনা গাড়িতেই জন্ম নিল এক শিশু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation