আপাতত গরম থেকে স্বস্তি। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ন’টি জেলায়। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকবে। কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
অসম থেকে পাঞ্জাব পর্যন্ত পূর্ব-পশ্চিমের অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ বিহার ও মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত এলাকার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। ভিজবে আরও কয়েকটি রাজ্যও।
সোমবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা ১২ টা থেকে শহরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রাজ্যে নতুন করে আক্রান্ত ১১, মোট আক্রান্ত ৪৯, গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ৪৩ ও সর্বোচ্চ ৯১ শতাংশ।