শুক্রবার থেকে কলকাতা ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তরবঙ্গ, সিকিম থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে গিয়েছে। সাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সাগর থেকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। শনিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে।
আরও পড়ুন: খুন-পাল্টা খুনের পর সোমবারও উত্তপ্ত বসিরহাট, রাজ্যকে কড়া বার্তা কেন্দ্রের




