Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

স্নাইপার টার্গেটে রাহুল গান্ধী? আমেঠিতে রাহুলের মাথা লক্ষ্য করে সবুজ লেজার আলো নিয়ে রাজনাথকে চিঠি কংগ্রেসের

রাজনাথ সিংহের কাছে দ্রুত তদন্ত শুরুর আবেদন কংগ্রেসের

স্নাইপার টার্গেটে রাহুল গান্ধী? আমেঠিতে রাহুলের মাথা লক্ষ্য করে সবুজ লেজার আলো নিয়ে রাজনাথকে চিঠি কংগ্রেসের

আমেঠিতে রোড শো চলাকালীন রাহুল গান্ধীর মাথা ও কপাল লক্ষ্য করে ৭ বার দেখা গিয়েছে সবুজ লেজারের আলো। কংগ্রেসের আশঙ্কা, স্নাইপার গানের নিশানা করা হয়েছিল রাহুল গান্ধীকে। কংগ্রেস সভাপতির নিরাপত্তার ব্যাপারে সংশয় প্রকাশ করে এবং গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি লিখল কংগ্রেস।
স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেসের দাবি, উত্তর প্রদেশের আমেঠি কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তাঁর মাথা ও কপাল লক্ষ্য করে সবুজ লেজারের আলো পড়তে দেখা যায়। লেজার বা স্নাইপার বন্দুক তাক করা হয়েছিল রাহুলের দিকে, বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। চিঠিতে কংগ্রেসের চাঞ্চল্যকর দাবি, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হওয়া থেকে শুরু করে যখন রোড শো করছিলেন রাহুল, অন্তত সাতবার তাঁর মাথা লক্ষ্য করে এই সবুজ লেজার আলো দেখা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে গোটা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্তের আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতারা।
কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ প্যাটেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজওয়ালার সই করা চিঠির সঙ্গে একটি ভিডিও ক্লিপও পাঠানো হয়েছে রাজনাথ সিংহকে। চিঠিতে কংগ্রেস নেতারা লিখেছেন, কংগ্রেস সভাপতির নিরাপত্তায় যে খামতি রয়েছে তারই ইঙ্গিত এই ঘটনা। পাশাপাশি নিরাপত্তায় খামতির অভিযোগ তুলে, উত্তর প্রদেশের যোগী  সরকারকেও আক্রমণ করা হয়েছে চিঠিতে।
রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ও ঠাকুমা ইন্দিরা গান্ধী, দেশের প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর হত্যার ঘটনার কথা ওই চিঠিতে উল্লেখ করে দাবি করা হয়েছে, ২০১৯ সালের নির্বাচন চলাকালীন কংগ্রেস সভাপতি ‘হাই রিস্ক’এ রয়েছেন।
রাজনাথ সিংহকে লেখা চিঠিতে জানানো হয়, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও, রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়ে বিজেপি সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ নজর দেওয়া উচিত। অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু করারও আবেদন জানিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন: কমলনাথ ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর হানায় উদ্ধার ২৮১ কোটি! বিজেপি নেতার ট্যুইট ঘিরে বিতর্ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation