Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

FIFA World Cup 2026: টানা তিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন মিলিয়ে দেওয়া গণিতবিদের বাজি এবার নেদারল্যান্ডস

FIFA World Cup 2026: টানা তিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন মিলিয়ে দেওয়া গণিতবিদের বাজি এবার নেদারল্যান্ডস

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ২০১৪-য় জার্মানি, ২০১৮-য় ফ্রান্স, ২০২২-এ আর্জেন্টিনা। টানা তিনটি ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আগেভাগে নির্ভুল বলে দিয়েছিলেন জার্মান গণিতবিদ তথা অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্ট। এবার ২০২৬ বিশ্বকাপের জন্য তাঁর পরিসংখ্যান-নির্ভর মডেলের ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে এসেছে, আর সেখানে চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে এমন একটি দলের নাম, যারা তিনবার ফাইনালে উঠেও কখনও কাপ জেতেনি। ক্লেমেন্টের হিসেব বলছে, এবার ট্রফি যাবে নেদারল্যান্ডসের ঘরে।

ফাইনালে পর্তুগালকে হারাবে নেদারল্যান্ডস, বলছে মডেল

ক্লেমেন্টের সিমুলেশন অনুযায়ী, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হবে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। ফ্রান্স, আর্জেন্টিনা বা স্পেনের মতো প্রচলিত ফেভারিটদের টপকে ডাচদের নাম উঠে আসায় ফুটবলমহলে জোর চর্চা শুরু হয়েছে।

পরিসংখ্যানের দিক থেকে বাছাইটি একেবারে অমূলকও নয়। ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে সাত নম্বরে নেদারল্যান্ডস। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে ফাইনালে উঠেও প্রতিবার খালি হাতে ফিরতে হয়েছে তাদের। গ্রুপ এফ-এ জাপান, সুইডেন ও তিউনিশিয়ার বিরুদ্ধে খেলবে ডাচরা, প্রথম ম্যাচ ১৪ জুন জাপানের বিরুদ্ধে।

আরও পড়ুন: এমবাপের মুখোমুখি মেসি; রবিবারের দিকে তাকিয়ে ফুটবল দুনিয়া; হাইভোল্টেজ ফাইনালের আগে কী বললেন LM-10 

কীভাবে কাজ করে এই মডেল

ক্লেমেন্টের মডেল কোনও জ্যোতিষচর্চা নয়, পুরোপুরি তথ্যনির্ভর গাণিতিক বিশ্লেষণ। প্রতিটি দেশের মাথাপিছু জিডিপি (যা ক্রীড়া পরিকাঠামোর মান নির্ধারণ করে), জনসংখ্যা, সমাজে ফুটবলের গুরুত্ব এবং ফিফা ক্রমতালিকায় জাতীয় দলের অবস্থানের মতো একাধিক চলক বিচার করে সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নেয় এই মডেল।

মজার বিষয়, ক্লেমেন্ট গোড়ায় মডেলটি বানিয়েছিলেন উল্টো উদ্দেশ্যে। তিনি দেখাতে চেয়েছিলেন, বিশ্বকাপের চ্যাম্পিয়ন আগাম বলা কার্যত অসম্ভব। জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় তিনি নিজেই আঁতকে উঠেছিলেন, কারণ বিশেষজ্ঞরা তখন বলছিলেন, দক্ষিণ আমেরিকায় কোনও ইউরোপীয় দল কখনও বিশ্বকাপ জেতেনি।

নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে নিজেই সতর্ক

টানা তিনবার মিলে যাওয়ার পরেও ক্লেমেন্ট কিন্তু নিজের মডেলকে অভ্রান্ত বলতে নারাজ। তাঁর সাফ কথা, ‘এটা পুরোপুরি অযৌক্তিক, লটারি খেলার মতো।’ তাঁর মতে, কেউ যদি এই ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে বাজি ধরেন, তবে তাঁকে বাঁচানোর উপায় নেই। মুদ্রা পরপর চারবার একই দিকে পড়তেই পারে, কিন্তু তার মানে এই নয় যে পরের বারও তা-ই হবে, এমন তুলনাও টেনেছেন তিনি।

আরও পড়ুন: আগামী বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? মন্তব্যে জল্পনা বাড়ালেন ম্যাজিক ম্যান নিজে

৪৮ দলের প্রথম বিশ্বকাপ শুরু আজই

আমেরিকা, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ৪৮ দলের টুর্নামেন্ট, ম্যাচের সংখ্যা ১০৪। বৃহস্পতিবার মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মূল পর্ব। আগামী এক মাসের লড়াই শেষে দেখা যাবে, চতুর্থবারের জন্যও ক্লেমেন্টের অঙ্ক মিলে যায় কি না। মিলে গেলে প্রথম তারা পাবে নেদারল্যান্ডস, আর ‘বিশ্বকাপের গণিতবিদ’ তকমা পাকাপাকি হয়ে যাবে এই জার্মান বিশ্লেষকের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports