দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বয়স যে নিছকই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন লিয়োনেল মেসি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক হ্যাটট্রিক করলেন তিনি। আর সেই সঙ্গেই ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের একটি বড় রেকর্ড। শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি গোল করার নজিরও ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক।
রোনাল্ডোকে টপকে হ্যাটট্রিকের রেকর্ড বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটি এতদিন ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। ২০১৮ সালের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে পর্তুগিজ তারকা এই নজির গড়েছিলেন। কিন্তু আলজেরিয়ার বিরুদ্ধে ৩টি গোল করে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এই অনবদ্য কীর্তি গড়লেন তিনি।
মিরোস্লাভ ক্লোজের রেকর্ড স্পর্শ এই ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের মূল পর্বে মেসির মোট গোলের সংখ্যা দাঁড়াল ১৬। এর ফলে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজেকে ছুঁয়ে ফেললেন তিনি। এতদিন বিশ্বকাপের ইতিহাসে ১৬টি গোল করে এককভাবে শীর্ষস্থানে ছিলেন ক্লোজে। এবার সেই তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠে এলেন মেসি। গোটা ফুটবল বিশ্ব আরও একবার তাঁর জাদুতে মুগ্ধ।
আরও পড়ুন: ক্লাব ফুটবলে ৯ নম্বর জার্সি পড়ে অভিষেক হল মারাদোনার নাতি বেঞ্জামিনের, দেখুন ভিডিও
৬টি বিশ্বকাপ খেলার অনন্য নজির আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরও একটি ইতিহাস রচনা করেন লিয়োনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ফিফা বিশ্বকাপ খেলার অনন্য নজির গড়লেন তিনি। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপেও দাপটের সঙ্গে নিজেদের অভিযান শুরু করল। ফুটবল বিশেষজ্ঞদের মতে, কেরিয়ারের গোধূলি বেলায় এসেও যেভাবে মেসি দলের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য।