নিজস্ব সংবাদদাতা: ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসতে চলেছে লন্ডনের প্রযুক্তি সংস্থা নাথিং। বাজারে আসতে পারে তাদের সম্পূর্ণ নতুন ‘বি সিরিজ’ বা B series-এর ফোন। সম্প্রতি নাথিং ইন্ডিয়ার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় ভিডিও টিজার প্রকাশ করা হয়েছে, যার ক্যাপশনে লেখা রয়েছে ‘(b)usted’। এই টিজার সামনে আসার পর থেকেই প্রযুক্তি মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Nothing Phone 4b।
নাথিংয়ের চেনা ট্রান্সপারেন্ট ডিজাইন ও সিঙ্গেল ক্যামেরা নাথিংয়ের নতুন এই টিজারে ফোনটির পেছনের অংশের একটি ঝলক দেখা গিয়েছে। সেখানে ব্র্যান্ডের চেনা সিগনেচার স্টাইল অর্থাৎ ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাক প্যানেল স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ভেতরের মেকানিক্যাল পার্টসের সূক্ষ্ম নকশাও দৃশ্যমান। তবে সবচেয়ে বড় চমক রয়েছে এর ক্যামেরা মডিউলে। লিক হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে একটিমাত্র রিয়ার ক্যামেরা বা সিঙ্গেল ব্যাক ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। বাজেট ফ্রেন্ডলি বা সাশ্রয়ী মূল্যের বাজারে জায়গা করে নিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাতিল হওয়া সিএমএফ ফোনই কি নতুন রূপে বাজারে? নাথিংয়ের সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিদিস সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছিলেন যে, মেমোরি বা র্যামের বিশ্বব্যাপী দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে তারা এই বছর নতুন কোনো সিএমএফ (CMF) ফোন বাজারে আনছেন না। তিনি স্পষ্ট করেন, সিএমএফ ব্র্যান্ডের যে সাশ্রয়ী দামের ঐতিহ্য, তা বজায় রেখে একটি উন্নত মানের ফোন তৈরি করা বর্তমান বাজারে সম্ভব হচ্ছিল না। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান, সিএমএফ-এর জন্য তৈরি হওয়া সেই মডেলটিকেই সামান্য পরিবর্তন করে নাথিং ব্যানার বা ‘Nothing Phone 4b’ নামে নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন: SpaceX Starship: কক্ষপথ থেকে পেলোড ফেরাতে নতুন প্রযুক্তি পরীক্ষার পথে স্পেসএক্স
সম্ভাব্য স্পেসিফিকেশন ও ভারতে লঞ্চের সময় প্রযুক্তি দুনিয়ার লিক ও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই নতুন স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ (Qualcomm Snapdragon 7s Gen 4) চিপসেট ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ৫,৫০০ এমএএইচ (5,500mAh) ক্ষমতার একটি শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। টিপস্টার যোগেশ ব্রারের দাবি অনুযায়ী, আগামী মাসেই অর্থাৎ জুলাই ২০২৬-এর মধ্যে ভারতের বাজারে এই ফোনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে। সংস্থা অবশ্য এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে টিজারের গতিপ্রকৃতি দেখে স্পষ্ট যে লঞ্চ আর বেশি দূরে নেই।




