এসআইআর-এ ইনিউমারেশন ফর্ম ভর্তি করায় পিছিয়ে রয়েছে কিছু রাজ্য। তার জেরে দেশের কয়েকটি রাজ্যে এসআইআরের সময়সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন।
তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ।বাংলায় এসআইআরের কাজের জন্য যে নির্দিষ্ট তারিখ রয়েছে তার মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
এই প্রক্রিয়ার জন্য কেরলকে আগেই বাড়তি সময় দিয়েছিল নির্বাচন কমিশন। এবার অতিরিক্ত সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বরের মধ্যে এসআইআরের ইনিউমারেশন পর্ব তামিলনাড়ু এবং গুজরাতকে শেষ করতে হবে। ওই দুই রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করার তারিখ ১৯ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একই কাজ শেষ করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে। এই জায়গাগুলিতে খসড়া তালিকা প্রকাশের দিন ২৩ ডিসেম্বর।
উত্তরপ্রদেশে গোটা প্রক্রিয়া ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: আপনারাই লকডাউন করেছিলেন, RBI এর পিছনে না লুকিয়ে এবার মানুষকে স্বস্তি দিন: কেন্দ্রকে সুপ্রিম কোর্ট




