মধ্যযুগীয় বর্বরতা! প্রথমে সালিশি সভা ডেকে আদিবাসী মহিলাকে চরিত্রহীন অপবাদ দেওয়া। এরপর মাথা ন্যাড়া করে নগ্ন করে মার।
আলিপুরদুয়ারের কুমারগ্রামের চ্যাঙমারির এই অমানবিক ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৩ জন। ধৃতরা ভবেশ কুজুর, বিপান টপ্পো এবং সুজিত লাকড়া পশ্চিম চ্যাঙমারির বাসিন্দা। ঘটনার পর থেকে খোঁজ নেই নির্যাতিতার।
অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ৬ মাস বাড়ি ফেরেননি ওই মহিলা। বৃহস্পতিবার তিনি স্বামীর কাছে ফিরে আসেন। মহিলার স্বামী জানিয়েছেন, তিনি নিজের স্ত্রীকে গ্ৰহণ করলেও এলাকার কয়েকজন মাতব্বরের নজরে পড়ে যান ওই মহিলা। বৃহস্পতিবার রাতে মহিলাকে ঘর থেকে জোর করে বের করে আনে ওই মাতব্বরেরা। এরপর মাথা ন্যাড়া করে নগ্ন করে শুরু হয় মারধর। ঘটনার ভিডিও নেট মাধ্যমে পড়ে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জানিয়েছেন, ঘটনায় ৩ জন গ্রেফতার করা হয়েছে। ৩টি পৃথক দল গঠন করা হয়েছে তদন্তের জন্য।
কুমারগ্রাম ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় ঘটনা প্রসঙ্গে বলেছেন, এটা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছু নয়। স্থানীয় প্রশাসন ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেবে।




