জমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর নির্বিচারে গুলি চালনার ঘটনার পর শুক্রবারও থমথমে উত্তর প্রদেশের সোনভদ্রের উভা গ্রাম। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। সোনভদ্রের ঘটনা নিয়ে যোগী সরকারের তীব্র সমালোচনায় সরব বিরোধীরা। শুক্রবার লোকসভায় বিষয়টি উত্থাপন করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার সোনভদ্রের ঘটনাস্থলে দল পাঠানোর কথা ঘোষণা করল তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে শনিবার, ২০ শে জুলাই তৃণমূলের এক প্রতিনিধি দল উত্তর প্রদেশের সোনভদ্রে যাবে।
এনআরএসে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে লোকসভা ভোট পরবর্তী রাজনৈতিক হানাহানি, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই কেন্দ্র একের পর এক অ্যাডভাইজারি পাঠিয়েছে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী বারবারই অভিযোগ করেছেন, উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশেই বাংলাকে এমন অ্যাডভাইজারি পাঠাচ্ছে কেন্দ্র। যোগী পরিচালিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বারবার মুখ খুলে বিজেপি এবং কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উত্তর প্রদেশেই ঘটে গেল আদিবাসীদের গণহত্যার ঘটনা। ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবারই গভীর উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে সরব হওয়ার জন্য কথা বলেন সংসদীয় দলের সঙ্গে। দলের সাংসদদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শুক্রবারই বিষয়টি নিয়ে সংসদে সরব হতে। শুক্রবার অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সোনভদ্রের ঘটনার কথা তোলেন।
এদিনই ঠিক হয়,শনিবার তৃণমূলের এক প্রতিনিধি দল যাবে সোনভদ্রের ঘটনাস্থলে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে বারাণসী বিমানবন্দর থেকে সোজা তাদের প্রতিনিধি দল চলে যাবে সোনভদ্রের উভা গ্রামে। সেখানে গিয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ডেরেক ছাড়াও দলে থাকবেন সাংসদ সুনীল মণ্ডল, আবীররঞ্জন বিশ্বাস এবং প্রাক্তন সাংসদ উমা সোরেন। এদিকে শুক্রবার সোনভদ্রের পথে যাওয়ার সময় পুলিশ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় আটকে দেয়।
উত্তর প্রদেশে ১০ আদিবাসীকে হত্যা, মমতার নির্দেশে শনিবার সোনভদ্রের ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



