Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

রাজ্য কারা দফতরের উদ্যোগ, জেলের বন্দিরা তৈরি করছেন শাড়ি

রাজ্য কারা দফতরের উদ্যোগ, জেলের বন্দিরা তৈরি করছেন শাড়ি

এবার পুজোয় বিভিন্ন ডিজাইনের তাঁতের শাড়ি এবং রকমারি নকশার পাঞ্জাবি তৈরি করে তাক লাগালেন রাজ্যের জেলের বন্দিরা। সে পোশাক খোলা বাজারে বিক্রিও হচ্ছে। ফলে লাভের মুখও দেখছেন বন্দিরা। আগামী দিনে তাঁদের আরও উৎসাহিত এবং দক্ষ করে তুলতে পেশাদার তাঁত শিল্পীদের সহযোগিতাও নেওয়া হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

ধনেখালি, নদীয়ার ফুলিয়া এলাকার তাঁত শিল্পীরা প্রশিক্ষণ দেবেন তাঁদের। এর ফলে বেশি পরিমাণে এবং আরও উন্নত মানের শাড়ি তৈরি করতে সক্ষম হবেন বন্দিরা। কারা দপ্তর সূত্রে খবর, পুজোর মরশুমে জেলা ও মহকুমা জেলের তুলনায় বেশি আগ্রহ নিয়ে শাড়ি তৈরির কাজ করেছেন কেন্দ্রীয় জেলের বন্দিরা। মহিলা বন্দিরাও এই কাজে যুক্ত ছিলেন।

শহরের এক জেল অফিসারের কথায়, আগামী দিনে বন্দিদের তৈরি এই ধরনের সামগ্রী যাতে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছয় তার জন্য রাজ্যের সরকারি মেলাগুলিতে বেশি করে স্টল দেওয়া হবে। সেখানে অন্যান্য সামগ্রীর সঙ্গে রাখা থাকবে এই বৈচিত্রময় শাড়ির সম্ভার। নজরকাড়া ডিজাইনের পাঞ্জাবিও থাকবে। জেল কর্মীদের বক্তব্য, ইতিমধ্যেই নানা ধরনের জিনিসপত্র তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিরা। এবার বাড়তি সংযোজন, শাড়ি ও পাঞ্জাবি।

আরও পড়ুন: প্রাথমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে না, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal