মেসির সফরকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ এবং বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গনে। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ সমর্থকরা ভাঙচুর চালান স্টেডিয়ামে।
যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছেও ক্ষমা চান তিনি। গোটা ঘটনার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিটিতে রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অব্যবস্থা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দিতে যুবভারতীর দিকে যাচ্ছিলাম। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেই সঙ্গে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। শনিবার মেসিকে দেখতে সকাল থেকেই সেজে উঠেছিল যুবভারতী। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে তৈরি ছিল কলকাতা। তবে নিমেষের মধ্যেই তাল কাটে। মাঠে ভিড়ভাট্টায় বিরক্ত মেসি মিনিট ২০র মধ্যেই মাঠ ছাড়তে অগ্নিগর্ভ চেহারা নেয় যুবভারতী। প্রথমে বোতল ছোড়া, তারপর বাকেট চেয়ার ভাঙা হয় । ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করে প্রায় হাজার মেসি অনুরাগী।
হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে হতাশ সমর্থকরা।
পরে দুপুরে মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দরে আটক করে পুলিশ।

Comments are closed.