ছত্তিসগঢ়ে মাওবাদীদের হাতে মৃত্যু হল সমাজবাদী পার্টি নেতার। এমনটাই দাবি পুলিশের। মৃত সপা নেতার নাম সন্তোষ পুনেম। ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ের বিজাপুর জেলায়।
মঙ্গলবার দুপুরে পেশায় ঠিকাদার সন্তোষ পুনেম গিয়েছিলেন বিজাপুরের মারিমাল্লা গ্রামে একটি প্রকল্পের কাজ তদারকি করতে গিয়েছিলেন। সেদিনই সন্ধ্যায় তাঁকে অপহরণ করে মাওবাদীরা, বলে পুলিশ সূত্রে দাবি। বুধবার সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর যায় স্থানীয় থানায়। তবে এলাকাটি গভীর জঙ্গলে হওয়ায়, পুলিশ প্রথমে মৃতদেহ উদ্ধার করতে পারেনি। পরে বিশাল বাহিনী নিয়ে জঙ্গলে ঢুকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পেশায় ঠিকাদার সন্তোষ পুনেম গত বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির টিকিটে বিজাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিয়মিত এলাকায় বিভিন্ন ঠিকাদারি প্রকল্পের কাজ তদারকি করতেন তিনি। তা করতেই মারিমাল্লা গ্রামে গিয়েছিলেন সন্তোষ। কিন্তু মাওবাদীরা তাঁকে কেন খুন করল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




