মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয়। তার জেরে আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কখনও মেঘ কখনো রোদ, গত কয়েকদিন ধরেই এভাবেই কলকাতার দিন শুরু হচ্ছে। তবে বুধবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। কোথাও কোথাও সকাল থেকেই দু’এক পশলা বৃষ্টিপাত শুরু হয়। দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয়, এই পরিস্থিতিতে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: অভিষেক: ৩ বছর আগে ঘর ছাড়াদের ঘরে ফেরার ডাক দিয়েছিলেন দলনেত্রী, আর আজ বহিরাগতরা বাংলা ছাড়া
এদিকে গরম ও চরম আদ্রতায় নাজেহাল উত্তরবঙ্গের জন্যও সুখবর। দার্জিলিং পার্বত্য এলাকা সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই দিনাজপুরে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।




