বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়ন। পাত্র সিপিএমের যুব শাখা গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)-র জাতীয় সভাপতি পি এ মহম্মদ রিয়াজ। আগামী ১৫ জুন তিরুবনন্তপুরমে তাঁদের বিয়ের অনুষ্ঠান। তবে করোনা প্রোটোকল মেনে সীমিত সংখ্যক অতিথি উপস্থিত থাকছেন বিয়েতে।
পিনারাই ও কমলা বিজয়নের মেয়ে বীণা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুতে তাঁর নিজস্ব একটি সফটওয়্যার কোম্পানি রয়েছে। আর রিয়াজ পেশায় একজন আইনজীবী। তবে স্কুল ও কলেজ থেকেই তিনি সক্রিয় বাম রাজনীতি করতেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রিয়াজ ডিওয়াইএফআই-এর সভাপতি পদে নির্বাচিত হন। বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্ক সভায় তিনি পরিচিত মুখ। ২০১৭ সালে কেন্দ্রের গো মাংস কেনা-বেচা বন্ধের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ সভার নেতৃত্বে ছিলেন রিয়াজ।
২০০৯-এর লোকসভা নির্বাচনে কোঝিকোড লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন রিয়াজ। কিন্তু, প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এমকে রাঘবনের কাছে মাত্র ৮০০ ভোটে পরাজিত হন।
আরও পড়ুন: Bois Locker Room: মহিলাদের কীভাবে ধর্ষণ করা হবে, আলোচনায় অভিজাত স্কুলের ১৫-১৭ বছরের ছাত্ররা!

সূত্রের খবর, ইতিমধ্যে তাঁদের বিয়ের রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আগামী সোমবার, ১৫ জুন তিরুবনন্তপুরমে আনুষ্ঠানিকভাবে চার হাত এক হবে। স্বভাবতই ঘটা করে কোনও অনুষ্ঠান হচ্ছে না।




