Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

বলিউড বনাম রিপাবলিক টিভি-টাইমস নাউ: অর্ণব গোস্বামীদের বিরুদ্ধে মামলা শাহরুখ, সলমনদের, আমিরদের

ইচ্ছাকৃতভাবে বলিউডকে কালিমালিপ্ত করা হয়েছে, মামলা প্রযোজকদের

বলিউড বনাম রিপাবলিক টিভি-টাইমস নাউ: অর্ণব গোস্বামীদের বিরুদ্ধে মামলা শাহরুখ, সলমনদের, আমিরদের

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের তারকা ও তাঁদের সঙ্গে ড্রাগ যোগ সহ একাধিক বিষয় নিয়ে একের পর এক খবর এবং শো করেছে একাধিক নিউজ চ্যানেল। এই পরিস্থিতিতে বলিউডকে ‘কালিমালিপ্ত’ করার অভিযোগে আদালতের দ্বারস্থ হল বলিউডের একাধিক শীর্ষ প্রযোজনা সংস্থা।
রিপাবলিক টিভি’র এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং টাইমস নাউ এর সঞ্চালক নভিকা কুমার সহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সলমন খান, আমির খান, শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, অজয় দেবগণের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা। দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া এই মামলায় অর্ণব গোস্বামী ও নভিকা কুমার ছাড়াও অভিযুক্তের তালিকায় আছেন রিপাবলিক টিভির সাংবাদিক প্রদীপ ভাণ্ডারী, টাইমস নাউ এর এডিটর ইন চিফ রাহুল শিবশঙ্করও।
সংশ্লিষ্ট মামলায় সিনেমা জগৎ ও তার সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও অপমানসূচক রিপোর্টিং এবং মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে। রিপাবলিক টিভি এবং টাইমস নাউ চ্যানেলকে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে।
আইনি পরামর্শদাতা সংস্থা ডিএসকে লিগ্যালের পক্ষে দায়ের করা মামলায় বলা হয়েছে, পুরো বলিউডের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলি, তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত মানুষের জীবন ও জীবিকা। অতিমারির জন্য এমনিতেই কাজ হারানো এবং আয় কমে যাওয়ার সঙ্কট চলছিল বলিউডে। তারপর সংবাদমাধ্যমের এই প্রচার প্রবণতা আরও ক্ষতি করেছে তাদের।
মামলায় বলিউডের প্রয়োজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি যুক্ত হয়েছে প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। এই সংগঠনের সামিল হওয়া মানে ধরে নেওয়া যায় পুরো বলিউড মামলাকারীদের সঙ্গে রয়েছে। সংগঠনের ১৩০ সদস্যের মধ্যে পরিচালক বা প্রযোজক নন, বলিউডের প্রায় সব বড় স্টুডিয়োর মালিক কর্তৃপক্ষ, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিও একজোট হয়েছে এই মামলায়। রোহিত শেট্টি, কবীর খান, বিধু বিনোদ চোপড়া, রমেশ সিপ্পি, রাকেশ রোশন, আশুতোষ গায়কোয়াড়, সাজিদ নাদিয়াদওয়ালা, সিদ্ধার্থ রায় কপূর, বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো বলিউডের নামী প্রযোজক-পরিচালকরা এঁদের মধ্যে অন্যতম।
সুশান্ত সিংহ মৃত্যুর ঘটনায় যেভাবে সারা বলিউডকে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে, নোপোটিজম এবং মাদক যোগের অভিযোগ আনা হয়েছে তার নিন্দা করেছেন এই মামলাকারীরা। তাঁদের বক্তব্য, একটি অপরাধের জন্য গোটা বলিউডকে জড়িয়ে দেওয়া হয়েছে। এমন ভাবে খবর উপস্থাপনা করা হয়েছে, যেন সমগ্র বলিউড অপরাধী এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাতে জনসাধারণের মনে বলিউড সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের সম্মানের অপূরণীয় ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, ছয়ে কলকাতা, নয়ে মুম্বই, জানাচ্ছে আইকিউ এয়ার ভিস্যুয়ালের রিপোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation