মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি ও কোচবিহার সফরের মাঝেই আচমকা বদলি শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব। তাঁর জায়গায় নতুন সিপি হলেন ডিপি সিংহ।
দু’দিনের সফরে সোমবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গল-বুধবার জলপাইগুড়ি, কোচবিহারে কর্মসূচি মমতার। তার মধ্যেই তড়িঘড়ি ত্রিপুরারির বদলি তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। ভোটের আগে নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের সাময়িকভাবে অদলবদল করে। দেখা হয় কোনও অফিসারের এক জায়গায় চাকরির ৩ বছর পেরিয়েছে কিনা এবং তিনি নিজের জেলাতে ডিউটি করছেন কিনা। ত্রিপুরারির ক্ষেত্রে যার কোনটিই প্রযোজ্য নয়। তাহলে তড়িঘড়ি বদলির কারণ কী?
ওয়াকিবহাল মহল বলছে এর উত্তর সম্ভবত লুকিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের এক মাস দার্জিলিংবাসের মধ্যে। গোটা নভেম্বর মাস কলকাতার রাজভবন ছেড়ে রাজ্যপাল গিয়ে ছিলেন দার্জিলিং রাজভবনে। সেই সময় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান ত্রিপুরারিকে বারবার দেখা গিয়েছে দার্জিলিং রাজভবনে। জগদীপ ধনখড়ের প্রকাশ্য কর্মসূচিতেও দেখা গিয়েছে ত্রিপুরারিকে। রাজ্যপালের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কোন পর্যায়ে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মিললেও ত্রিপুরারির বারবার দার্জিলিং ছুটে যাওয়া ভালো চোখে দেখেনি নবান্ন। তাই কি ত্রিপুরারিকে সরিয়ে বার্তা দেওয়া হল সেই আইপিএসদের, যাঁরা রাজনৈতিক পট পরিবর্তনের আশায় অধুনা বিরোধী শিবিরের কাছাকাছি আসতে চাইছেন? প্রশ্ন উঠছে।
ত্রিপুরারির বদলির পর শিলিগুড়ি পুলিশের দায়িত্ব নিচ্ছেন ডিপি সিংহ। আগে দার্জিলিঙের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন। ছিলেন কোচবিহারের এসপিও। ২০০৪ ব্যাচের আইপিএস ডিপি সিংহ আসানসোলের কমিশনার ছিলেন। বর্তমানে তিনি ছিলেন কলকাতা পুলিশে।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শিলিগুড়ির সিপি বদল! রাজ্যপাল ‘ঘনিষ্ঠতা’ কি কারণ? নতুন সিপি ডিপি সিংহ
রাজ্যপালের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কোন পর্যায়ে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



