বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন যাবেন তিনি। জানা যাচ্ছে শুক্রবার আকাশপথে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় কবলিত এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে মমতা ব্যানার্জি বলেন, কাল হেলিকপ্টার উড়তে পারবে না। তাই শুক্রবার বেরোন যায় কিনা দেখছি। পর্যালোচনার পর বুঝতে পারব কত ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার, রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা
নবান্ন সূত্রে খবর, ২৮ মে, শুক্রবার দু’দিনের সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে হিঙ্গলগঞ্জ যাবেন তিনি। যশ ও ভরা কোটালের প্রভাবে সুন্দরবনের একাধিক জায়গা প্লাবিত। বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের বিস্তীর্ন অঞ্চল। সব জায়গা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর সাগরে একটি প্রশাসনিক বৈঠক করার কথা আছে তাঁর।
সুন্দরবন ঘুরে মমতা চলে যাবেন পূর্ব মেদিনীপুরের দিঘা। দিঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমনি সহ পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জায়গা যশের প্রভাবে বিপর্যস্ত। চাষের জমি, মাছ চাষে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব মেদিনীপুরের একাধিক গ্রাম জলের তলায়। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জল ঢুকেছে। খেজুরিতে নদীবাঁধ ভেঙ্গেছে। দিঘায় ত্রাণের কাজ খতিয়ে দেখবেন মমতা ব্যানার্জি। তারপর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৯ মে কলকাতায় ফিরবেন মমতা।




