Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

জনস্বার্থ দেখিয়ে সরকার ইচ্ছেমত ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না, জানাল সুপ্রিম কোর্ট

জনস্বার্থ দেখিয়ে সরকার ইচ্ছেমত ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না, জানাল সুপ্রিম কোর্ট

সরকার চাইলেই জনস্বার্থকে হাতিয়ার করে যেমন খুশি ব্যক্তিগত সম্পত্তি দখল করতে পারবে না। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি অধিগ্রহণ নিয়ে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, সব ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না সরকার। যদিও এব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া।

আরও পড়ুন: লাগাতার দলবিরোধী বক্তব্য, মুর্শিদাবাদের মোশারফকে বহিস্কার করল তৃণমূল

ভারতীয় সংবিধানের ৩১সি ও ৩৯বি অনুচ্ছেদে জমি অধিগ্রহণ সংক্রান্ত সম্পর্কিত আইনগুলিকে কেন্দ্র করেই এই মামলা। সরকারের নির্দেশমূলক নীতি পূরণের জন্য যে আইন, তাকে সুরক্ষিত করছে ৩১সি। আর ৩৯বি অনুসারে, সমষ্টিগত উন্নয়নের জন্য যে কোনও সম্পত্তি জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে সরকার। কিন্তু সংবিধানের ওই দুই অনুচ্ছেদে সম্পত্তি বলতে ব্যক্তি মালিকানাধীন বিষয়-আশয় বোঝানো হয় কি না, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। এই বিষয়টি নিয়ে শুনানি চলছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হৃষীকেশ রায়, বিচারপতি বি ভি নাগরত্না, বিচারপতি সুধাংশু ধুলিয়া, বিচারপতি জে বি পার্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি এস সি শর্মা এবং বিচারপতি এ জি ম্যাসির সাংবিধানিক বেঞ্চে।
এই মামলায় তিনটি রায় লেখা হয়েছে। একটি রায় প্রধান বিচারপতি চন্দ্রচূড় সহ আরও ছ’জন বিচারপতির। সহমত পোষণ করলেও পৃথক একটি রায় লিখেছেন বিচারপতি নাগরত্না। তৃতীয়টি ভিন্নমত বিচারপতি ধুলিয়ার। রায়ে দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিও ৩৯বি অনুচ্ছেদের আওতাভুক্ত। কিন্তু প্রতিটি ব্যক্তিগত সম্পত্তিই যে সমষ্টিগত উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে, তেমন নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal