দেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিল এ রাজ্যের দুটি শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে তালিকা প্রকাশ করেছে, তাতে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়া, দেশের সেরা দশটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থানে এ রাজ্যের আইআইটি-খড়গপুর। শুধু তাই নয়, দেশের সেরা আর্কিটেকচার প্রতিষ্ঠানের মধ্যেও প্রথম স্থানে রয়েছে খড়গপুর আইআইটি।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে প্রকাশিত ভারতের সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে আইআইটি-মাদ্রাজ। দেশের প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, দ্বিতীয় স্থানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং তৃতীয় স্থানে আছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)।
দেশের সেরা দশটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশ করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এক নম্বরে আছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে আইআইটি-দিল্লি এবং তৃতীয় স্থানে রয়েছে বম্বে আইআইটি। ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আইআইএম বেঙ্গালুরু ও আইআইএম আমেদাবাদ। দেশের সেরা কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস ও হিন্দু কলেজ। মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে দিল্লির এইমস ও চণ্ডীগড়ের পিজিআইএমইআর। পাশাপাশি ল কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল।
আরও পড়ুন: ভোট অন অ্যাকাউন্ট বাজেটের ঠিক আগে দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে পীযূষ গোয়েল




