সকাল থেকে তীব্র রোদের তেজ থাকলেও বিকেলেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মঙ্গলবার কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা থাকলেও বেলা বাড়তে রোদের তেজ বেড়ে যায়। হাওয়া অফিস সূত্রের খবর, এদিন বিকেলেই ঝড়-বৃষ্টি হবে কলকাতার বেশকিছু জায়গায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু মঙ্গলবার নয় বুধবার, বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঝোড়া হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা দার্জিলিং ও কালিম্পং-এ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে একগুচ্ছ অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস




