কলকাতা সহ রাজ্যের অন্য জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমলো। শুক্রবার বিকেলে ছিটেফোঁটা বৃষ্টি হয় কলকাতার কিছু অংশে। কয়েকটি জেলাতেও বৃষ্টি হয়। শনিবারও কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস শুধু শনিবারই নয়, বৃষ্টি হতে পারে রবিবারও। রবিবার থেকে মঙ্গলবার ভিজবে কলকাতা। ২২ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর সহ মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: শুক্রবারের লকডাউনে শুনশান রাজপথ, পুলিশের নাকা চেকিং, দেখুন ফটো গ্যালারি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য উত্তরপ্রদেশের ওপর একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের ওপর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কিছুটা কমবে।




