Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

কারকারে ও বাবরি ধ্বংস নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রজ্ঞা সিংহের প্রচারে ৭২ ঘন্টা নিষেধাজ্ঞা জারি কমিশনের

৭২ ঘন্টা প্রচার করতে পারবেন না প্রজ্ঞা

কারকারে ও বাবরি ধ্বংস নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রজ্ঞা সিংহের প্রচারে ৭২ ঘন্টা নিষেধাজ্ঞা জারি কমিশনের

মহারাষ্ট্রের প্রাক্তন এটিএস প্রধান হেমন্ত কারকারে এবং বাবরি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুরের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ২রা মে সকাল ৬ টা থেকে ৭২ ঘন্টার জন্য ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়েছে কমিশনের নির্দেশিকায়।
বিজেপি প্রার্থী হওয়ার পর, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা মহারাষ্ট্রের প্রাক্তন এটিএস প্রধানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর অভিশাপেই ২৬/১১-এর জঙ্গি হানায় নিহত হন হেমন্ত কারকারে। এছাড়া একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রজ্ঞা ঘোষণা করেন, বাবরি মসজিদ ধ্বংসে অংশ নিতে পেরে তিনি গর্বিত।
বিজেপি প্রার্থীর এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। প্রতিক্রিয়ায় প্রজ্ঞা জানান, কারকারে সম্পর্কে মন্তব্যের জন্য তিনি ক্ষমাপ্রার্থী এবং বাবরি প্রসঙ্গে তাঁর মন্তব্যের ব্যাখ্যায় প্রজ্ঞা সিংহ ঠাকুর বলেন, কোনও ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না তাঁর। বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়ার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, কারকারে সম্পর্কে অনৈতিক মন্তব্য করেছেন প্রজ্ঞা সিংহ ঠাকুর। আর বাবরি মসজিদ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা সন্তোষজনক মনে হয়নি কমিশনের।
এরপরে, নির্বাচনী আদর্শ বিধিভঙ্গের দায়ে প্রজ্ঞা সিংহ ঠাকুরের নির্বাচনী প্রচারে তিন দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এই ৩ দিন প্রচার বা সংবাদমাধ্যমকে কোনও সাক্ষাৎকার দিতে পারবেন না ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুর।

আরও পড়ুন: হায়দরাবাদে তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ৪ অভিযুক্তকেই এনকাউন্টারে গুলি চালিয়ে মারল পুলিশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation