দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: রাজ্যজুড়ে বর্ষার পদধ্বনি। উত্তরবঙ্গে আগামী ৬ থেকে ৭ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর (IMD), পাশাপাশি দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই সম্পর্কেও বড় আপডেট দেওয়া হয়েছে। সোমবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ ধরে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
জলমগ্ন হওয়ার আশঙ্কা, উত্তরবঙ্গে জারি সতর্কতা মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আগামী কয়েক দিন প্রবল বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কা রয়েছে এবং নিছু এলাকাগুলি জলমগ্ন হতে পারে।
সিকিম ও অসম সহ উত্তর-পূর্বের পরিস্থিতি শুধু পশ্চিমবঙ্গ নয়, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়েও আগামী ৬ থেকে ৭ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই রাজ্যগুলিতে ইতিমধ্যেই নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে যাতে আপৎকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।
দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে মৌসুমী বায়ু? উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়লেও দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখনও বর্ষার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে আলিপুর আবহাওয়া দফতর এবং কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা স্বস্তির খবর শুনিয়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তিশগড়ের আরও বেশ কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
এর ফলে খুব শীঘ্রই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষা পা রাখতে চলেছে। তবে তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভিন রাজ্যের আবহাওয়ার সতর্কতা দেশের অন্যান্য প্রান্তেও আবহাওয়ার মেজাজ বদলাচ্ছে। রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব ও হিমাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মারাঠাওয়াড়ায় আগামী দুদিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।