আর বেশিদিন অপেক্ষা নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে করোনার প্রতিষেধক চলে আসবে। শুক্রবার সর্বদলীয় বৈঠকে এমনই আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিনের সম্ভাব্য দাম নিয়েও রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয়। ভার্চুয়াল মোডে হওয়া এই বৈঠকে অংশ নেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, তৃণমূলের সুদীপ ব্যানার্জি, এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ ১২ জন বিরোধী নেতা। এদিকে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রের তরফে এই বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন প্রমুখ। দেশে কোভিড পরিস্থিতির পাশাপাশি, ভ্যাকসিন নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় কক্ষের বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, ভারতে তিনটি পৃথক ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আর বেশিদিন ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে চলে আসছে ভ্যাকসিন। সংস্থাগুলিকে সবুজ সঙ্কেত দেওয়ার অপেক্ষায় আছে কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদী এও জানিয়ে রাখেন, প্রথমে ভ্যাকসিন পাবেন দেশের করোনা-যোদ্ধা ও প্রবীণ নাগরিকরা। এ নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে ভ্যাকসিন নিয়ে অন্যান্য দেশকেও ভারত সাহায্য করবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ চলছে, তা খতিয়ে দেখতে গত সোমবারই দেশের তিন শহরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সকালে আহমেদাবাদ, দুপুরে হায়দরাবাদ ও শেষে পুণের ভ্যাকসিন ল্যাবে যান তিনি, কথা বলেন গবেষকদের সঙ্গে।
আরও পড়ুন: অর্ধেকই নতুন মুখ, বাংলা থেকে চার, মোদী মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে?




