Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

কাটমানি ইস্যুতে বিক্ষোভ বিধানসভায়, বীরভূমে টাকা ফেরত তৃণমূল নেতার, হাওড়ায় গ্রেফতার ২

বীরভূমে টাকা ফেরত দিয়েছেন এক তৃণমূল নেতা

কাটমানি ইস্যুতে বিক্ষোভ বিধানসভায়, বীরভূমে টাকা ফেরত তৃণমূল নেতার, হাওড়ায় গ্রেফতার ২

জেলায় জেলায় দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষিতে কাটমানি ইস্যুতে আরও একধাপ এগিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কাউন্সিলার, পঞ্চায়েত সদস্য, বিধায়ক বা সাংসদ, যে কোনও জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে কাটমানি নেওয়া বা দুর্নীতির অভিযোগ এলে, ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা করবে পুলিশ। মঙ্গলবার এই কাটমানি ইস্যুকে কেন্দ্র করে লোকসভা ও বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভায় প্রথম ভাষণেই মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কাটমানি নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, বাংলায় গনতন্ত্র নেই, কেবল কাটমানি সাম্রাজ্য চলছে। একইভাবে বিধানসভাতেও এদিন কাটমানি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন তৃণমূল বিধায়করা। কাটমানি নিয়ে তদন্ত কমিশন গড়ার আর্জি জানান বিরোধী বিধায়করা। সেই সঙ্গে বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা।
এদিকে মঙ্গলবারও কাটমানি নিয়ে জেলায় জেলায় উত্তেজনা জারি। হাওড়ার লিলুয়ায় প্রায় ১৩ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল নেতা। যদিও অভিযুক্তদের সঙ্গে দলের সম্পর্কের কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চুঁচুড়ার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুনীল মালাকারের বাড়ির সামনে কাটমানি ফেরত চেয়ে ধরনা দেন বিজেপি কর্মীরা। এছাড়া পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনাতেও কাটমানি নিয়ে মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতারা। এদিকে বীরভূমে চাপের মুখে কাটমানি ফেরত দিয়েছেন এক তৃণমূল নেতা।

আরও পড়ুন: দিদিকে বলো: ৫০০ দিনে উপকৃত ২৮ লক্ষ, ৮০ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে পরিষেবা, ট্যুইট মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal