দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডে এখন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কে? আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন নাকি ক্যাটরিনা কইফ, এই নিয়ে জল্পনার শেষ নেই। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, ‘স্ত্রী ২’-এর বিপুল সাফল্যের পর নিজের পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে সেই তালিকার শীর্ষে উঠে এসেছেন শক্তি কপূরের মেয়ে শ্রদ্ধা কপূর।
ঈথা’ ছবির জন্য বিপুল পারিশ্রমিক খবর অনুযায়ী, শ্রদ্ধার আগামী ছবি ‘ঈথা’-র জন্য তিনি ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই ছবিতে তিনি কিংবদন্তি তামাশা নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাওকরের চরিত্রে অভিনয় করছেন। ছবির প্রযোজক দীনেশ বিজনের বরাবরই পছন্দের অভিনেত্রী শ্রদ্ধা। তবে ইন্ডাস্ট্রির একাংশের দাবি, শ্রদ্ধাকে একটি ছবির জন্য ১৫ কোটি টাকা দেওয়াটা রীতিমতো বাজি ধরার সমান।
যদিও শোনা যাচ্ছে, ‘স্ত্রী ২’ ছবির বক্স অফিস সাফল্যের পর নিজের দর আরও বাড়িয়েছেন তিনি। আগামী ছবিগুলির জন্য নাকি ২০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকাচ্ছেন শক্তি-কন্যা। যা তাঁকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিকের সমকক্ষ করে তুলেছে।
ছবির নাম নিয়ে বিতর্ক পারিশ্রমিকের পাশাপাশি ‘ঈথা’ ছবিটি নিয়ে অন্য একটি বিতর্কও দানা বেঁধেছে। লোকসংস্কৃতিতে বিঠাবাঈয়ের অবদান অপরিসীম, দেশের সর্বোচ্চ স্তরেও তিনি সম্মানিত হয়েছিলেন। তবে সাফল্যের শিখরে থাকলেও তাঁর জীবনের শেষ দিক কেটেছে চরম অর্থকষ্টে। এমন এক মহান শিল্পীর জীবনীচিত্রের নাম কেন হঠাৎ করে ‘ঈথা’ রাখা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যেই আপত্তি তুলেছেন বিঠাবাঈয়ের ছেলে ও নাতি। তাঁরা প্রশ্ন তুলেছেন, নির্মাতারা কেন বিঠাবাঈয়ের আসল নাম ব্যবহার করতে চাইছেন না।
ছবির নাম নিয়ে পরিবারের এই ক্ষোভ আগামী দিনে বড় আইনি বা রাজনৈতিক আকার ধারণ করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে যাবতীয় বিতর্ক ছাপিয়ে বলিউডের অন্দরে এখন সবচেয়ে বেশি চর্চা চলছে শ্রদ্ধার এই আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে। সত্যি কি তিনি ২০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করলেন, তা নিয়ে প্রযোজক মহলেও চলছে জোর গুঞ্জন।




