Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

শাহিন বাগ আন্দোলনকে সমর্থন ও ক্যাম্পাসে দেওয়াল লিখন, ৩ ছাত্রকে ৫ হাজার টাকা করে জরিমানা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের

এই নোটিসের তীব্র নিন্দায় মুখর হয়েছে পড়ুয়াদের বড় অংশ

শাহিন বাগ আন্দোলনকে সমর্থন ও ক্যাম্পাসে দেওয়াল লিখন, ৩ ছাত্রকে ৫ হাজার টাকা করে জরিমানা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের

সিএএ, এনপিআর বিরোধী শাহিন বাগ আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেওয়াল লিখনের জন্য তিন পড়ুয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (ইউওএইচ) কর্তৃপক্ষ।
গত জানুয়ারি মাসে সিএএ, এনপিআর ও এনআরসি বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রচুর পড়ুয়া। শাহিন বাগ আন্দোলনকারীদের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শাহিন বাগ নাইট’ নামে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, রাত্রি ৯ টার পর ক্যাম্পাসে কোনওরকম অনুষ্ঠান বা কর্মসূচির অনুমতি না থাকা সত্ত্বেও সভা করে কিছু পড়ুয়া। সেই সঙ্গে ক্যাম্পাসে দেওয়াল লিখনও হয়। কর্তৃপক্ষের নিয়ম লঙ্ঘনের জন্য তিন পড়ুয়াকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নির্দেশিকায় ফাসে আহমেদ, সাহানা প্রদীপ ও এএস আদিশ নামে তিন পড়ুয়াকে ১০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিয়মভঙ্গের জন্য শুধু জরিমানাই নয়, অন্যান্য পড়ুয়ার উদ্দেশেও কড়া নির্দেশিকা জারি হয়েছে নোটিসে। বলা হয়েছে, ফের যদি এমন কোনও প্রতিবাদ সভা ও দেওয়াল লিখনের মতো ঘটনা ঘটে, তা হলে বিশ্ববিদ্যালয় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে। ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা, তাঁরা যেন সাবধান হন এবং নিজেদের পড়াশোনাতে মনোনিবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের ‘নিয়ম’ ভেঙে যদি এমন প্রতিবাদের ঘটনা আবার হয়, তাহলে পড়ুয়াদের অ্যাকাডেমিক কেরিয়ারে বড় প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই নোটিসের তীব্র নিন্দায় মুখর হয়েছে পড়ুয়াদের বড় অংশ। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কর্তৃপক্ষের এই নোটিসকে ‘স্বৈরাচারী’ ও ‘অগণতান্ত্রিক’ বলে বর্ণনা করেছে। পাশাপাশি, তিন পড়ুয়ার উপর যে জরিমানা ধার্য করা হয়েছে তা নিঃশর্তে প্রত্যাহারের দাবি তুলেছে তারা। ছাত্রদের আরও অভিযোগ, এ ভাবে নোটিস জারি করে ছাত্রদের হুমকি দেখিয়ে চুপ করানোর চেষ্টা হচ্ছে। তাই এই নোটিসও তারা মানছে না। ছাত্র সংসদের এক নেতার কথায়, দেশের বর্তমান পরিস্থিতিতে, যেখানে অসাংবিধানিক ও মানবতা বিরোধী আইন পাশ করানো হচ্ছে, তখন যুব সমাজ মুখ খুলবেই। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়ারা অবশ্যই যে কোনও বিষয়ে আন্দোলন করতে পারেন এবং বিরুদ্ধমত প্রকাশ করতে পারেন বলে দাবি করেন ওই নেতা। তাঁদের কথায়,’অগণতান্ত্রিক’ নোটিস জারি করে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় এমনভাবে পড়ুয়াদের হুমকি দিতে পারে না।

আরও পড়ুন: মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরকভর্তি গাড়ি উদ্ধার, চাঞ্চল্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation