বালাকোটে এয়ার স্ট্রাইকের পরই অনির্দিষ্টকালের জন্য ভারতীয় বিমান পরিবহণের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। পাক আকাশ সীমা বন্ধ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়ছিল সরকারি এয়ার ইন্ডিয়া থেকে বেসরকারি ইন্ডিগো, স্পাইসের মতো উড়ান সংস্থাগুলো। শেষ পর্যন্ত ১৩৮ দিন পর ভারতীয় অসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল ইসলামাবাদ। এর ফলে পশ্চিমের উড়ানে লেগে যাচ্ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা অতিরিক্ত সময়। সেই ক্ষতি সামাল দিতে পশ্চিমের যে কোনও দেশে রাতারাতি যাতায়াতের খরচও বেড়ে গিয়েছিল কয়েক গুণ। পাকিস্থান তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে গ্রাহক ও বিমান সংস্থাগুলো।
আর মাসখানেক, তারপরই দেশে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরসুম। পশ্চিমের দেশে ভ্রমণের উপযুক্ত সময়। কিন্তু কাজে কিংবা স্রেফ বেড়াতে ইউরোপ-আমেরিকা যাওয়ার ইচ্ছেতে বাদ সাধছিল আকাশ ছোঁয়া বিমান ভাড়া। এই পরিস্থিতিতে সোমবার রাত ১২ টা ৪১ মিনিটে পাকিস্তানের আকাশপথ খুলে দেওয়া হয় ভারতের জন্য। পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়ে দেয়, সব দেশের অসামরিক বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্থানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারত। এরপর দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এই অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে ভারতের অসামরিক বিমান পরিবহণের জন্য তাদের আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করে দেয় পাকিস্তান। ভারতও পাল্টা তাদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। তবে গত ৩১ শে মে ভারত এই নিষেধাজ্ঞা তুলে নিলেও পাক আকাশসীমা বন্ধ থাকায় অসুবিধার মুখে পড়ে দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থাগুলি। ইউরোপ বা আমেরিকা যেতে হলে আগে পাক আকাশসীমা ব্যবহার করত ভারত। কিন্তু পাকিস্তানের নিষেধাজ্ঞার ফলে ঘুরপথে ইউরোপ, আমেরিকা বিমান যাতায়াত করায় জ্বালানির খরচ একলাফে অনেকটাই বেড়ে যায়। ফলে বাধ্য হয়ে টিকিটের দাম বাড়িয়ে দেয় বিমান সংস্থাগুলি। যাতায়াতের সময় ও টিকিটের দাম বাড়ায় পাল্লা দিয়ে কমতে থাকে যাত্রীর সংখ্যা। এই অবস্থায় গত ১৩৮ দিনে প্রায় ৫৫০ কোটি টাকা ক্ষতি হয় সরকারি এয়ার ইন্ডিয়া, বেসরকারি স্পাইস জেট, ইন্ডিগো, গো এয়ারের মতো বিমান সংস্থার। ২ রা জুলাই পর্যন্ত একা এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ৪৯১ কোটি টাকা।
এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি উড়ান এআই ১৮৪ প্রথম বিমান হিসেবে পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে। এতদিন এই বিমান ছিল বিশ্বের সবচেয়ে অন্যতম দীর্ঘ নন স্টপ উড়ান। কিন্তু পাক আকাশ সীমা বন্ধের পর থেকে এয়ার ইন্ডিয়াকে তেল ভরতে ভিয়েনাতে থামতে হচ্ছিল। যাত্রার সময়সীমা বেড়ে গিয়েছিল প্রায় ৪ ঘণ্টা। এবার থেকে ফের পুরনো রুটেই চলবে এয়ার ইন্ডিয়া সহ সমস্ত বিমান সংস্থার বিমান।
আরও পড়ুন: প্রিওয়েডিং ফটোশুটে এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কেরলের যুগলের




